করনদীঘিতে জাল নোট উদ্ধার সহ গ্রেপ্তার তিন। গোপন সূত্রে সংবাদ পেয়ে বিপুল পরিমান টাকার জাল নোট উদ্ধার করল করনদীঘি থানার পুলিশ।তিন জালনোট পাচারকারীকে হাতেনাতে পাকড়াও করা হয়।করনদীঘি থানার আইসি ধ্রুব প্রধানের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।পুলিশ সূত্রে জানা গেছে,করনদীঘি থানার সালিহান আমবাগান সংলগ্ন স্থানে জড় হয়েছিল জালনোট পাচারকারীরা।বিষয়টি গোপনে জানতে পারে করনদীঘি থানার পুলিশ।অভিযান চালিয়ে জালনোট সমেত তিন পাচার কারীকে গ্রেপ্তার করা হয়।
করনদীঘি থানার আইসি ধ্রুব প্রধান জানিয়েছেন, গ্রেপ্তার করা তিন জালনোট পাচারকারীর মধ্যে মর্তুজা আলি ওরফে ভোলা ও এক্রামূল হকের বাড়ী রায়গন্জ থানার ভাটোল এলাকার ডাঙ্গিগোপালপুর।অপর গ্রেপ্তার হওয়া ফিরোজ আলির বাড়ী করনদীঘি থানার কেশবপুর গ্রামে।ধৃতদের আদালতে পাঠিয়ে পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে।করনদীঘি পুলিশের অনুমান,ধৃত মর্তুজা আলির কাছ থেকে তেইশ হাজার,এক্রামূল হকের কাছ থেকে কুড়ি হাজার ও ফিরোজ আলির কাছ থেকে সতেরো হাজারের জাল টাকা বাজেয়াপ্ত করা হয়েছে।ধৃত পাচারকারীরা স্থানীয় এলাকাতে জালটাকা ছড়িয়ে দেবার প্রয়াসে ছিল।এরা আন্তর্জাতিক জালটাকা পাচার চক্রের সাথে জড়িত থাকতে পারে।পুলিশ ধৃতদের হেফাজতে নিয়ে এর সাথে আরো জড়িতদের গ্রেপ্তার করতে চায়। আপাত শান্ত করনদীঘিতে জালটাকা চক্রের পান্ডারা গ্রেপ্তার হওয়াতে পুলিশের ভূমিকাতে খুশী ব্যবসায়ী সহ সাধারন মানুষ।





