ভোটের মুখে রাজ্যজুড়ে বিভিন্ন জায়গায় শাসক-বিরোধী সংঘর্ষের খবর কানে আসছে। এবার পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণায় গেরুয়া শিবিরের দলীয় পতাকা ছেঁড়াকে ঘিরে উত্তেজনা ছড়াল। বিজেপির দলীয় পতাকা ও ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে শাসকদল তৃণমূলের বিরুদ্ধে।
এই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণা থানার কুয়াপুর গ্রাম পঞ্চায়েতের বালা গ্রামে। আর এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায়।
প্রসঙ্গত উল্লেখযোগ্য গতকাল মেদিনীপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা ছিল। উত্তেজনায় টগবগ করছিল স্থানীয় তৃণমূল নেতৃত্ব।
এলাকার বিজেপির মন্ডল সভাপতি রাজীব পাল অভিযোগ করেছেন, সোমবার রাতে মেদিনীপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা সেরে ফেরার সময়ই তৃণমূল কর্মী, সমর্থকরা একাজ করেন। রাতের অন্ধকারে তৃণমূল কর্মী সমর্থকরা গ্রামের একাধিক জায়গায় বিজেপির দলীয় পতাকা ও ফেস্টুন ছিঁড়ে ফেলে দেয়।
এই অশান্তির ঘটনায়, তৃণমূল নেতা তাপস ঘোষের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে বিজেপি। পুরো বিষয়টি জানানো হয়েছে পুলিশকে। যদিও স্বাভাবিক নিয়মেই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতা তাপস ঘোষ।






