১৫ বছরের ‘বঞ্চনা’ শেষ! তৃণমূল আমলে বন্ধ থাকা গণশক্তিতে ফিরল সরকারি বিজ্ঞাপন, শুভেন্দুর প্রথম সিদ্ধান্তেই বাংলার রাজনীতিতে বড় বার্তা বিজেপির!

পশ্চিমবঙ্গের রাজনৈতিক পালাবদলের দিনেই সামনে এল আরও এক তাৎপর্যপূর্ণ ছবি। দীর্ঘ ১৫ বছর পর ফের রাজ্য সরকারের বিজ্ঞাপন প্রকাশিত হল বামেদের মুখপত্র ‘গণশক্তি’ পত্রিকায়। ২০১১ সালে রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পর থেকে যে পত্রিকাটি কার্যত সরকারি বিজ্ঞাপন থেকে বঞ্চিত ছিল, সেখানে এবার বিজেপি সরকারের বিজ্ঞাপন প্রকাশ হওয়ায় রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। অনেকের মতে, এটি শুধু একটি বিজ্ঞাপন নয়, বরং নতুন সরকারের রাজনৈতিক বার্তাও বটে।

২০১১ সালে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকেই আলিমুদ্দিন স্ট্রিটের মুখপত্র ‘গণশক্তি’তে সরকারি বিজ্ঞাপন আসা প্রায় বন্ধ হয়ে যায়। দীর্ঘ দেড় দশক ধরে সেই পরিস্থিতিই চলছিল। বামেদের এই পত্রিকা কার্যত সরকারি বিজ্ঞাপনের বাইরে ছিল। কিন্তু ২০২৬ সালে বাংলায় বিজেপি সরকার গঠন হওয়ার পর প্রথম দিনেই সেই ছবিতে বদল দেখা গেল। শনিবার শুভেন্দু অধিকারীর শপথগ্রহণ অনুষ্ঠানের দিন গণশক্তির প্রথম পাতাজুড়ে প্রকাশিত হল রাজ্য সরকারের বিজ্ঞাপন। আর এতেই নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দেখতে শুরু করেছে রাজনৈতিক মহলের একাংশ।

শনিবার সকালে গণশক্তি হাতে নিয়েই পাঠকদের নজরে আসে সেই বিজ্ঞাপন। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং নবনিযুক্ত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছবি দিয়ে রাজ্যবাসীকে নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানের কথা জানানো হয়েছে। ১৫ বছর পর বামপন্থী মুখপত্রে কেন্দ্র ও রাজ্যের বিজেপি নেতৃত্বের ছবি-সহ সরকারি বিজ্ঞাপন প্রকাশ হওয়ায় স্বাভাবিকভাবেই চর্চা শুরু হয়েছে বিভিন্ন মহলে। অনেকেই বলছেন, বাংলার রাজনীতিতে এই দৃশ্য একসময় কল্পনাও করা যেত না।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এটি শুভেন্দু অধিকারীর রাজনৈতিক সৌজন্যের বার্তাও হতে পারে। ক্ষমতায় এসেই তিনি হয়তো বোঝাতে চেয়েছেন যে প্রতিহিংসার রাজনীতি নয়, বরং সব সংবাদমাধ্যমকে সমান গুরুত্ব দেওয়ার নীতি নিয়েই এগোতে চায় তাঁর সরকার। বিশেষ করে বাম আমলের প্রশাসনিক কাঠামো এবং কিছু অফিসারের কাজ নিয়ে অতীতে শুভেন্দুর ইতিবাচক মন্তব্যের প্রসঙ্গও উঠে আসছে। তাই অনেকের প্রশ্ন, গণশক্তিতে সরকারি বিজ্ঞাপন দিয়ে কি বাম শিবিরের সঙ্গে একটি নতুন সৌজন্যমূলক সম্পর্ক তৈরি করার ইঙ্গিত দিল নতুন সরকার?

আরও পড়ুনঃ ‘বহিরাগত’ তকমার জবাব শুভেন্দু অধিকারীর! জোড়াসাঁকোয় ‘জয় শ্রী রাম’ থামিয়ে উঠল ‘কবিগুরু লহ প্রণাম’ স্লোগান, বাঙালির মন জিততেই কি নতুন পথে এগুলো বঙ্গবিজেপি?

তবে সিপিএমের তরফে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও সরকারি প্রতিক্রিয়া সামনে আসেনি। যদিও এর আগেও বিজেপির দলীয় বিজ্ঞাপন গণশক্তিতে প্রকাশিত হয়েছিল এবং তখন বাম শিবিরের একাংশ বলেছিল, এটি সম্পূর্ণ বাণিজ্যিক সিদ্ধান্ত। কিন্তু এবার যেহেতু সরাসরি সরকারি বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে, তাই রাজনৈতিক গুরুত্ব অনেকটাই বেড়েছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। সাধারণ মানুষের মধ্যেও এখন একটাই আলোচনা সময় বদলেছে, রাজনীতির ছবিও বদলাচ্ছে। যে গণশক্তি একসময় শুধুই বাম রাজনীতির প্রতীক ছিল, সেখানে আজ মোদী ও শুভেন্দুর হাসিমুখ জায়গা করে নিয়েছে। এই পরিবর্তন ভবিষ্যতে বাংলার রাজনীতিতে নতুন কোনও সমীকরণের ইঙ্গিত দেয় কিনা, এখন সেটাই দেখার।

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর