প্রকাশ্যেই দলের বিরুদ্ধে একাধিক বিজেপি নেতা একের পর এক বেফাঁস মন্তব্য করে চলেছেন। এবার এই ধারাতে রাশ টানতে শৃঙ্খলারক্ষা কমিটি গঠন করা হল গেরুয়া শিবিরের তরফে। আজ, মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
ভোটের ফলাফলের পর থেকেই নানান বিজেপি নেতারা বেসুরো হতে শুরু করেছেন। তাতে লাগাম দিতেই এমন এক পদক্ষেপ নেওয়া হল বলে মনে করা হচ্ছে। কিন্তু তাৎপর্যপূর্ণভাবে, এদিন সাংবাদিক বৈঠকে একথা ঘোষণা করার পরই ফেসবুকে রাজীব বন্দ্যোপাধ্যায় দলবিরোধী একটি পোস্ট করেন, যা নিয়ে শুরু হয়েছে জল্পনা।
আরও পড়ুন- তৃণমূলে ফিরছেন রাজীব বন্দ্যোপাধ্যায়! সোশ্যাল মিডিয়ার পোস্ট ঘিরে শুরু তুমুল জল্পনা
এদিনের এই সাংবাদিক সম্মেলনে দিলীপ ঘোষ জানান, দলের এই শৃঙ্খলারক্ষা কমিটিতে রয়েছেন বিশ্বপ্রিয় রায়চৌধুরী, সুভাষ সরকার ও রথীন বসু। কেউ বা কারা দলবিরোধী মন্তব্য করলে তাঁর বা তাদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নেবে এই কমিটি।
এদিকে, দিলীপ ঘোষ এই কমিটির বিষয়ে জানানোর পরই ফেসবুকে ফের এক দলবিরোধী পোস্ট করেন বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, “সমালোচনা তো অনেক হল। মানুষের বিপুল জনসমর্থন নিয়ে আসা নির্বাচিত সরকারের সমালোচনা ও মুখ্যমন্ত্রীর বিরোধিতা করতে গিয়ে কথায় কথায় দিল্লি আর ৩৫৬ ধারার জুজু দেখালে বাংলার মানুষ ভালভাবে নেবে না। আমাদের সকলের উচিত রাজনীতির ঊর্ধ্বে উঠে ‘কোভিড ও ইয়াস’ এই দুই দুর্যোগে বিপর্যস্ত বাংলার মানুষের পাশে থাকা”।
আরও পড়ুন- দূরত্ব এখন অতীত! সিউড়ি পুরসভার বৈঠকে শতাব্দী, বৈঠক করলেন অনুব্রত’র সঙ্গেও
কিছুদিন আগেই এমনই এক মন্তব্য করেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি মুকুল রায়ের পুত্র শুভ্রাংশু রায়। এবার এঁদের বিরুদ্ধে বিজেপির এই নতুন শৃঙ্খলারক্ষা কমিটি কী পদক্ষেপ নেয়, এখন সেটাই দেখার।





