বাংলায় একুশের নির্বাচনকে পাখির চোখ করেছে বিজেপি। রাজ্যে পদ্মফুল ফোটাতে বেশ জোরকদমে প্রচার শুরু করেছে গেরুয়া শিবির। শুরু করেছে একাধিক কর্মসূচী। ইতিমধ্যেই, শুরু হয়ে গিয়েছে ‘গৃহ সম্পর্ক অভিযান’। ভোটের আগে জনসংযোগ আরও মজবুত করতে ফের এক নতুন উদ্যোগ নিল বিজেপি। শুরু হল ‘আমার বুথ সবেচেয়ে মজবুত’ অভিযান। ‘আর নয় অন্যায়’-এর পর এটি বিজেপির পরবর্তী অভিযান।
আজ, শুক্রবার বিজেপির হেস্টিংস-এর দলীয় কার্যালয়ে এই নতুন অভিযানের শুভ সূচনা করেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। মানুষের আরও কাছে পৌঁছতে, কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্পের খবর দিতে ও রাজ্য সরকারের দুর্নীতি তুলে ধরতেই যে এই নতুন অভিযান, টা স্পষ্ট করেন দিলীপবাবু।
এদিন তিনি বলেন, কেন্দ্রীয় সরকার এমন অনেক প্রকল্প শুরু করেছে, যা বাংলার মানুষ হয়ত জানেন না, বা তাদের জানতে দেওয়া হয় না। সেই প্রকল্পের সুবিধা লাভ করছেন দেশের বিভিন্ন রাজ্যের মানুষ। কিন্তু পশ্চিমবঙ্গে রাজ্য সরকারের রাজনৈতিক প্রভাবের কারণে সেইসমস্ত প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছেন বাংলার মানুষ। এসব কথাই এই অভিযানের মাধ্যমে সাধারণ মানুষের কাছে তুলে ধরবেন বিভিন্ন বুথ সভাপতি।
বলা হয় যে, রাজ্যের ৭৮হাজার বুথে এই কর্মসূচী অবলম্বন করা হবে। প্রত্যেক বুথ সভাপতি বাড়ি বড়ি যাবেন ও মানুষদের বোঝাবেন যে বিজেপি বাংলায় এলে তারা কতটা উপকৃত হবেন। বিজেপি ক্ষমতায় এলেই কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা লাভ করবেন বাংলার মানুষ। জানা যায় যে, এই সমস্ত বুথ সভাপতিরা প্রত্যেক বাড়ি বাড়ি ঘুরে বিভিন্ন তথ্য সংগ্রহ করবেন ও তা লিপিবদ্ধ করে রাখবেন। তা জমা পড়বে বঙ্গ বিজেপির কাছে।
এদিনের অনুষ্ঠানে প্রত্যেক বুথ সভাপতিকে দেওয়া হয় এই অভিযান সংক্রান্ত স্টিকার যা সেই সব বাড়িতে লাগানো হবে, যেসমস্ত বাড়িতে তারা ঘুরবেন। এছাড়াও থাকবে লিফলেট যাতে বিজেপির বিভিন্ন কর্মসূচী ও কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্পের সম্বন্ধে লেখা থাকবে। বিজেপির এই নতুন অভিযানের জন্য তৈরি করা হয়েছে একটি মূল সঙ্গীতও, নাম ‘আমার বুথ সবচেয়ে মজবুত’। এই গানটির মাধ্যমেও তাদের বেশ কিছু কর্মসূচীর কথা তুলে ধরা হয়।





