বাংলা জুড়ে আজ বিজেপির (BJP) “গণতন্ত্র বাঁচাও” (Save Democracy) কর্মসূচি চলছে। রাজ্যের জেলায় জেলায় বিভিন্ন জায়গায় চলছে বিজেপির (BJP) ধর্না। করোনা আবহে স্বাস্থ্যবিধি না মানার অভিযোগে বহু জায়গায় আবার পুলিশ ধর্নামঞ্চ গুঁড়িয়ে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। অর্থাৎ সব মিলিয়ে জমজমাট আসন্ন একুশের বিধানসভা ভোট। দিন যতই এগোচ্ছে চড়ছে ভোট যুদ্ধের উত্তেজনার পারদ।
এরইমধ্যে বাংলার শাসক দলকে হুমকি নয় সরাসরি হুঁশিয়ারি দিলেন বঙ্গ বিজেপি (BJP) সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তাঁর বক্তব্য তৃণমূলকে ‘ইভিএমেও হারাব। ব্যালটেও হারাব।’
আজ বিজেপির (BJP) এই গণতন্ত্র বাঁচাও কর্মসূচিতে অংশ নেন দলের রাজ্য বিজেপি (BJP) সভাপতিও। ধর্নায় অংশ নিয়েই নিশানা করেন রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসকে। তোপ দাগেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও। বলেন, “বাধ্য হয়েই রাস্তায় নেমেছি। বহু জায়গায় ধর্না মঞ্চ ভেঙে দিয়েছে পুলিশ। গ্রেফতার করেছে। রাজ্যে কোনওরকম কোনও গণতন্ত্র নেই। নির্বাচন করলে তৃণমূল হেরে যাবে, তাই ভয় পাচ্ছে। ভয়ে নির্বাচন করছে না।” গত ১ বছর ধরে কেন কোনও নির্বাচন হয়নি? কেন ইভিএম-এ ভোটের বিরুদ্ধে তৃণমূল আন্দোলন করছে? এদিন সে প্রশ্নও তোলেন দিলীপ ঘোষ। এরপরই তাঁর স্পষ্ট হুঁশিয়ারি, “ইভিএম-এও হারাব। ব্যালটেও হারাব।”





