আসছে ২১ শে ভোট যুদ্ধ জিতলে অন্যান্য বিজেপি (BJP) শাসিত রাজ্যের মতো বাংলাতেও ১০০ শতাংশ কাজ করে দেখাবো। তৃণমূল(TMC) সরকারের মতো ধর্মের ওপর জোর দিয়ে শুধুমাত্র কিছু মানুষের জন্য কাজ করব না। ঘাসফুল সরকার তো শুধুমাত্র ধর্মের ভিত্তিতে ৩০ শতাংশ মানুষের কাজ করছে, বাকি জনতার জন্য কোনও কাজ হয়নি। কিন্তু বিজেপি বাংলায় ক্ষমতায় এলে ১০০ শতাংশ জনতার হয়ে কাজ করবে। ঝাড়গ্রামে (Jhargram) এক অনুষ্ঠানে এসে এমনই আশ্বাস দিয়ে গেলেন পশ্চিমবাংলার (West Bengal) দায়িত্বপ্রাপ্ত বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় (Kailash Vijayvargiya)।
একই সঙ্গে এইদিন জামিনে মুক্ত প্রাক্তন মাওবাদী নেতা ছত্রধর মাহাতোকে (Chatradhar Mahato) ফের মাওবাদী নেতা বলেই আখ্যা দেন বিজয়বর্গীয়। যদিও ছত্রধর মাহাতোর বিরুদ্ধে এনআইএ (NIA) তদন্ত প্রসঙ্গে জানতে চাওয়া হলে বিষয়টি এড়িয়ে যান তিনি। পাল্টা অভিযোগের সুরে বলেন, “ছত্রধর মাহাতো যে সমস্ত জায়গায় বিজেপি আছে, তাঁদেরকে ভয় দেখিয়ে তৃণমূলে যোগদান করাচ্ছে। এটা কোনও রাজনীতি হতে পারে না।” তিনি অভিযোগ করেন, “গত ৮ তারিখ থেকে এ পর্যন্ত ১৫ জন বিজেপি নেতা, কর্মীকে হত্যা করা হয়েছে। খুনের পর গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে আত্মহত্যা বলে চালানো হয়েছে। তৃণমূল এই কাজ করে যাচ্ছে। এসব কিছু বেশিদিন চলতে পারে না।
ঘূর্ণিঝড় আমফানে হওয়া দুর্নীতির প্রসঙ্গ উস্কে দিয়ে বিজয়বর্গীয় জানতে চান ঝড়ে ক্ষতিগ্রস্তদের বাড়ি নির্মাণের জন্য ১০০০ কোটি টাকা দিয়েছিলেন প্রধানমন্ত্রী। কোথায় গেল সেই টাকা? কোভিড-১৯(COVID-19)-এর জন্যও অনেক টাকাপয়সা দেওয়া হয়েছে। কোথায় গেল সেইসব টাকাপয়সা?” প্রশ্ন তাঁর। কৈলাস বিজয়বর্গীয়ের সঙ্গেই এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুকুল রায়ও (Mukul Roy)।





