এর আগে শাসক দলের নানান নেতাদের থেকে এহেন মন্তব্য শোনা গিয়েছে। একাধিকবার নানান মহান ব্যক্তিত্বদের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) তুলনা টেনেছেন অনেক তৃণমূল নেতারা (TMC Leaders)। এবার সেরকমই কাজ করে বসলেন বিজেপি নেতা রাহুল সিনহা (Rahul Sinha)। স্বামী বিবেকানন্দই (Swami Vivekananda) নরেন্দ্র মোদী (Narendra Mod) রূপে পুনর্জন্ম নিয়েছেন, এমন দাবী করলেন তিনি।
কিছুদিন আগেই বাগদার বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডু রানি রাসমনির সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা করেছিলেন। তা নিয়ে কম জলঘোলা, কম বিতর্ক হয়নি। এবার কার্যত সেই একই পথে হেঁটে এবার বিতর্কে জড়ালেন বিজেপি নেতা রাহুল সিনহা।
রবিবার বিজেপি নেতা দাবী করেন, স্বামী বিবেকানন্দ নাকি ফিরে এসেছেন। তাঁর পুর্নজন্ম হয়েছে নরেন্দ্র মোদী রূপে। এদিন রাহুল বলেন, “মোদীজি যেভাবে মানুষের জন্য ভাবেন, কাজ করেন। তা দেখেই বোঝা যায় যে, স্বামীজি ফিরে এসেছেন মোদীজির রূপে”।
বিজেপি নেতার এহেন মন্তব্যেরই তুমুল কটাক্ষ করেন তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তাঁর কথায়, “ওকে এখনই মানুষিক রোগী ঘোষণা করে ব্যবস্থা করা হোক। যিনি বিভিন্ন কেন্দ্রে ঘুরে ঘুরে হারেন। প্রায় দশবার হেরে গিয়েছেন। ওনার মাথা তো এমনিতেই গিয়েছে”। বেশ তাচ্ছিল্যের সুরেই কুণাল বলেন, “এরা নাকি বিজেপির মুখ! এ তো বদ্ধ উন্মাদ। এমনতিই শুভেন্দুর চাহনি ভাল না। তার মধ্যে এরা যদি জোটে”।
বলে রাখি, বিজেপি ত্যাগী বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডু তৃণমূলে যোগ দেওয়া পর দাবী করেছিলেন, “মুখ্যমন্ত্রী রানি রাসমণির মতো করে কাজ করছে। তার মতো করেই আমাদের মনে জায়গা করে নিয়েছেন মমতা। ১০০ বছর সকলে মনে রাখবেন মুখ্যমন্ত্রীকে”। সেই সময় কটাক্ষ করতে ছাড়েননি বিরোধীরা।
এই প্রসঙ্গে বিজেপি নেতা দেবদাস মণ্ডল বলেছিলেন, “উনি বিজেপির ভোটে জিতে তৃণমূলে যোগ দিয়েছেন৷ লাস্ট বেঞ্চিতে রয়েছেন। সামনের দিকে যাওয়ার জন্য এসব কথা বলছে। ১০০ টার মধ্যে যে ৯৯ টি মিথ্যা কথা বলে তাঁর সঙ্গে রানি রাসমণি মায়ের তুলনা করছেন দেখে মানুষ হাসছে। ওনার পড়াশুনা করা উচিত”।





