তৃণমূল নেতা এবার সরাসরি বিজেপি নেতাকে খুনের হুমকি দিলেন সোশ্যাল মাধ্যমে। ঘটনাটি ঘটেছে মালদহে। আর এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মালদহের মানিকচক বিধানসভা কেন্দ্রের ওই বিজেপি নেতা এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তৃতীয় দফা ভোটের মুখে এই চাঞ্চল্যকর ঘটনাকে নিয়ে শুরু হয়েছে বিজেপি-তৃণমূল চাপানউতোর। আগামী ২৯শে এপ্রিল মালদহ জেলার মানিকচক বিধানসভায় নির্বাচন। আর তার আগে এই ঘটনায় উত্তেজনা বেড়েছে।
আরও পড়ুন-অস্বস্তিতে শাসক! কুণাল, শতাব্দী, দেবযানীর প্রায় ৩ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি
হুমকি প্রাপ্ত ওই বিজেপি নেতার নাম মিঠু কুমার সরকার। তিনি মানিকচক ব্লকের বিজেপির মন্ডলের সাধারণ সম্পাদক। জেলা বিজেপির অভিযোগ, মিঠু কে খুন করার হুমকি দিয়ে মানিকচক থানার নুরপুরের কিছু যুবক সোশ্যাল সাইডে ভিডিও পোস্ট করে। অভিযোগ, নুরপুরের ওই যুবকদের নাম শেখ বুদ্ধু ,শেখ রাসুল ,শেখ কামরুল ও শেখ রাজু । শেখ রাজুর ফেসবুক আইডি থেকে পোস্টটি ভাইরাল করা হয়েছে।
আরও পড়ুন- ‘ঘরে সবার মা-বোন আছে, ভোটটা ভেবে দিবি’, কৌশানির ভিডিও ঘিরে বিতর্ক
এই ভিডিও ভাইরাল হতে পুলিশের দ্বারস্থ হয় বিজেপি নেতৃত্ব। মিঠু কুমার সরকার জানান, শনিবার রাতে একটি ভিডিও আমি দেখতে পাই, যাতে আমাকে খুন করার হুমকি দিচ্ছে তৃণমূলের কয়েকজন কর্মী সর্মথক। আমি নির্বাচনের কাজ শেষে রাত করে বাড়ি ফিরি। তৃণমূলের আশ্রিত দুষ্কৃতিরা আমার উপর আক্রমণ করতে পারে। আমি আতঙ্কে রয়েছি। বিজেপির জয় নিশ্চিত মানিকচক বিধানসভায় তৃণমূল বুঝতে পারছে তাদের পায়ের তলায় মাটি নেই তাই এই ধরনের কান্ড করে আমাদেরকে ভয় দেখানোর চেষ্টা করছে।
যদিও এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা বলে দাবি করেছেন জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর দুলাল সরকার।






