চাঞ্চল্যকর অভিযোগ উঠল ফলতা বিধানসভা আসনের তৃণমূল কংগ্রেস প্রার্থী শঙ্কর কুমার নস্করের বিরুদ্ধে । তিনি নাকি তাঁর ভোটারদের মধ্যে অর্থ বিতরণ করেছেন। এই অভিযোগ দায়ের করা হলো রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে বিজেপির পক্ষ থেকে। এই অভিযোগের ভিত্তিতে বিজেপি তাঁর প্রার্থীপদ বাতিলের দাবিও জানিয়েছে ।
আরও পড়ুন-অস্বস্তিতে শাসক! কুণাল, শতাব্দী, দেবযানীর প্রায় ৩ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি
কমিশনে জমা দেওয়া চিঠিতে গেরুয়া শিবিরের তরফে জানানো হয়েছে, গত ২রা এপ্রিল , ফলতার তৃণমূল কংগ্রেসের প্রার্থী শঙ্কর কুমার নস্করকে সাহারহাট মােড়ে , তাঁদের পক্ষে ভােট দেওয়ার জন্য , ভােটারদের মধ্যে অর্থ বিতরণ করতে দেখা গিয়েছে । স্পষ্টতই তিনি ভােটকে প্রভাবিত করার চেষ্টা করছেন ।
একই দিনে সাহারহাট মােড় থেকে প্রায় ৪ কিলােমিটার দূরে মল্লিকপুর বাজার এলাকাতেও শঙ্কর কুমার নস্করকে অর্থ বিতরণ করতে দেখা গিয়েছে । এর ফলে আদর্শ আচরণবিধির পাশাপাশি ফলতার তৃণমূল প্রার্থী জনপ্রতিনিধিত্ব আইন , ভারতীয় দণ্ডবিধি এবং কমিশনে জারি করা নির্দেশাবলী – সবই ভঙ্গ করেছেন । তাই তাঁর প্রার্থীপদ বাতিলের দাবি জানিয়েছে গেরুয়া শিবির। তাঁর বিরুদ্ধে আইন ভঙ্গের জন্য এফআইআর করার নির্দেশও চেয়েছে বঙ্গ বিজেপি ।





