আম জনতার জন্য লেখা প্রধানমন্ত্রীর চিঠি ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন বাংলার বিধায়ক সাংসদেরা। আর এবার প্রধানমন্ত্রী গৃহ সম্পর্ক অভিযানে অংশ নিলেন বঙ্গ বিজেপির কান্ডারী তথা তথা খড়্গপুরের সাংসদ দিলীপ ঘোষ। আজ নিজে এই কর্মসূচিতে অংশ নিয়ে বাড়ি বাড়ি গিয়ে প্রধানমন্ত্রীর লেখা চিঠি তুলে দেন তিনি। চিঠিতে গত ৬ বছরের মোদী সরকারের কাজের খতিয়ান উল্লেখ করা হয়েছে। সব ঘরে পৌঁছানোর জন্য বাংলা ও হিন্দি, দুই ভাষাতেই ছাপানো হয়েছে ‘ঘর ঘর মে মোদী কি খত্’।
আজ অর্থাৎ ১৬ই জুন থেকে শুরু হয়েছে এই অভিযান কর্মসূচি। চলবে চলতি মাসের শেষ সপ্তাহ পর্যন্ত। এদিন দিলীপ ঘোষ প্রধানমন্ত্রীর বৈঠকে মুখ্যমন্ত্রীর না থাকা নিয়েও তোপ দাগেন। বলেন, “মুখ্যমন্ত্রীর আর কিছু বলার নেই। তাই নাম বাদ দিয়েছে। এই নিয়ে ৬টা মিটিং করল মুখ্যমন্ত্রীদের সাথে প্রধানমন্ত্রী। কটায় উনি থেকেছেন?” প্রশ্ন তাঁর।
প্রসঙ্গত, এদিন উত্তর ২৪ পরগনার গাইঘাটা ঠাকুরনগর চিকন পাড়া এলাকাতেও বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে গৃহ সম্পর্ক অভিযানে নামেন বনগাঁর লোকসভার বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। চিকন পাড়া এলাকার বাড়িতে বাড়িতে গিয়ে গৃহকর্তার হাতে প্রধানমন্ত্রীর একটি চিঠি তুলে দেন। পাশাপাশি করোনা নিয়ে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। খোঁজখবর নেন মানুষের সুবিধা অসুবিধারও। এলাকার সাংসদকে কাছে পেয়ে লকডাউন ও আমফানের পরবর্তী সময়ে বিভিন্ন অভাব অভিযোগের কথাও তুলে ধরেন এলাকাবাসী।
জেলা হুগলিতেও চালু হয়েছে এই কর্মসূচি। প্রধানমন্ত্রীর চিঠি বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার মাধ্যমে জন সম্পর্ক অভিযান শুরু করে দিয়েছেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়।





