ভবানীপুরে উপনির্বাচনের দিন ঘোষণা নিয়ে সরব বিজেপি, কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে যেতে পারে আদালতে

গতকাল, শনিবারই ভবানীপুরে উপনির্বাচনের দিন ঘোষণা করেছে কমিশন। এরপরই এই সিদ্ধান্ত নিয়ে গেরুয়া শিবিরে হইচই পড়ে গিয়েছে। এবার কমিশনের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতের দ্বারস্থ হতে পারে বিজেপি, এমনটাই জানা যাচ্ছে। এক্ষেত্রে গেরুয়া শিবিরের হাতিয়ার হতে পারে রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর একটি চিঠি।

জানা গিয়েছে, গতকাল কমিশনের এই ঘোষণার পরই রাতে এই নিয়ে বিজেপি নেতারা একপ্রস্থ বৈঠকে বসেছিলেন। কেন্দ্রের নেতাদের সঙ্গে সমন্বয় রেখে আগামী সপ্তাহেই এই বিষয়ে আদালতে মামলা করতে পারে বিজেপি, এমনটাই সূত্রের খবর।

আরও পড়ুন- ‘গরু ছাগল তো নয় যে আটকে রাখব’, ফুল বদলের রাজনীতি প্রসঙ্গে মন্তব্য দিলীপের

এই বিষয়ে বিজেপির প্রশ্ন, ভবানীপুর কেন্দ্রে উপ নির্বাচন ঘোষণা হলে বাকি চারটি কেন্দ্রে উপনির্বাচন ঘোষণা হল না কেন? জানা গিয়েছে, এক্ষেত্রে কমিশন রাজ্যের ‘বিশেষ অনুরোধ’কে কারণ হিসেবে দেখিয়েছে। সূত্রের খবর অনুযায়ী সেই কারণকেও চ্যালেঞ্জ করতে চলেছে গেরুয়া শিবির।

এই অনুরোধ করে রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী কমিশনকে একটি চিঠি দেন। সেই চিঠিতে তিনি সংবিধানের ১৬৪(৪) অনুচ্ছেদ উল্লেখ করে লেখেন, “যদি কোনও মন্ত্রী টানা ছ’মাস বিধানসভার সদস্য না থাকেন এবং অবিলম্বে নির্বাচন না হয়, তা হলে ছ’মাসের শেষে তিনি আর মন্ত্রী থাকতে পারেন না, সাংবিধানিক সঙ্কট ও শীর্ষ প্রশাসনিক পদে শূন্যতার সৃষ্টি হয়। কমিশনকে মুখ্যসচিব এ-ও জানিয়েছেন যে, প্রশাসনিক জরুরি প্রয়োজন ও জনস্বার্থের কথা ভেবে এবং রাজ্যে যাতে প্রশাসনিক শূন্যতা তৈরি না হয়, তার জন্য ভবানীপুর কেন্দ্রে, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লড়তে চাইছেন, সেখানে নির্বাচন করানো হোক”।

এই চিঠির প্রেক্ষিতেই বিজেপির প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র প্রার্থী নন। আর তিনি কোন আসন থেকে ভোটে লড়বেন, তা কমিশনকে জানানো কীব মুখ্যসচিবের কাজ? এমন কাজ করে তো মুখ্যসচিব তৃণমূল নেতার মতো আচরণ করেছেন।

আরও পড়ুন- কয়লা কাণ্ডে ইডি-র তলবে সাড়া অভিষেকের, দফতরে গিয়েই হাজিরা, আজই যাচ্ছেন দিল্লি

এই কারণে বিজেপির প্রশ্ন, মুখ্যসচিবের এমন বক্তব্যকে গুরুত্ব দিয়ে কীভাবে কমিশন নির্বাচন ঘোষণা করল? বিজেপি সূত্রের খবর, এই মামলাটিকে সাংবিধানিক বেঞ্চে নিয়ে যেতে পারে বিজেপি। গেরুয়া শিবিরের হয়ে এই মামলা লড়বেন সাংসদ মাহেশ জ্যেঠমালানি।

RELATED Articles