এসএসকেএমে বেড না পাওয়া নিয়ে প্রায়শই অভিযোগ তোলেন সাধারণ মানুষ। এবার সেই অভিযোগ তুললেন চাকদহের বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ। তাঁর অভিযোগ, দলের এক কর্মীকে নিয়ে গত ১০ দিন ধরে হাসপাতালের চক্কর কাটছেন তিনি, কিন্তু বেড মিলছে না এসএসকেএমে।
কী ঘটেছে ঘটনাটি?
চাকদহের বিজেপি বিধায়ক জানাচ্ছেন, তাঁর দলের এক কর্মী মিলন বিশ্বাসের ব্রেন স্ট্রোক হয়। দিন ১৩ দিন আচমকাই ব্রেন স্ট্রোকে মৃতপ্রায় হয়েছিলেন মিলন। সেদিন থেকে তাঁকে নিয়ে হাসপাতালের দ্বারে দ্বারে ঘোরেন তিনি। প্রথমে কল্য়াণীর জেএনএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। কিন্তু সেখানে বেড না পাওয়া যায় নি।
সেই কারণে কলকাতায় নিয়ে আসা হয় ওই কর্মীকে। কিন্তু এখানে এসেও একই অবস্থা হয়েছে বলে জানিয়েছেন বিজেপি বিধায়ক। কলকাতায় এসেও একই পরিস্থিতির মুখে পড়তে হয় বলে অভিযোগ। এরপর আর উপায় না পেয়ে রোগীকে বাঁচাতে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়।
বিজেপি বিধায়ক জানান, সেই বেসরকারি হাসপাতালে আপাতত প্রায় ৫ লক্ষ টাকা বিল হয়ে গিয়েছে। বিজেপি বিধায়কের দাবী, একজন বিধায়কেরই যদি এই অবস্থা হয়। তাঁকেই যদি এমন হেনস্থার মুখে পড়তে হয়, তাহলে সাধারণ খেটে খাওয়া গরীব মানুষদের কী কী পরিস্থিতির মুখে পড়তে হয় এসএসকেএমে কে জানে!
বঙ্কিম ঘোষ বলেন, “চেষ্টা করছিলাম সরকারি হাসপাতালে একটু যদি জায়গা পাওয়া যায়। ১০ দিন ধরে পিজিতে ঘুরছি, তিনদিন আমিও এসেছি আইসিইউ বেড পাচ্ছি না। আমি একজন বিধায়ক, আমিই রোগী ভর্তি করাতে পারছি না। নিজে হাসপাতালে ঘুরেও রোগীকে চিকিৎসা পাইয়ে দিতে পারছি না। তাহলে একবার ভাবুন আমাদের রাজ্যের সাধারণ মানুষের কী অবস্থা? এখানকার এক কর্মচারি আমাকে বলছিলেন, ৫০টা আইসিইউ বেড আছে, একদিকে ৫ হাজার জন লাইনে। বেড কী করে পাবেন? সরকার বলে এ রাজ্যে স্বাস্থ্যের পরিষেবা ভালো। এটাই বুঝি ভালোর নমুনা”?





