‘মা-ছেলে মিলে বাংলাকে বাংলাদেশ বানাতে চাইছে, দূত এলে ঝাঁটা হাতে দাঁড়িয়ে থাকুন’, শাসক শিবিরকে শানিয়ে আমজনতাকে নিদান বিজেপি বিধায়কের

তৃণমূলের নয়া কর্মসূচির জন্য নানান এলাকায় যাচ্ছেন ‘দিদির দূত’রা (Didir Dut)। তাদের ঘিরে বিক্ষোভও দেখাচ্ছেন এলাকার মানুষ। এবার এই ‘দিদির দূত’দের নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি বিধায়ক (BJP MLA)। দিদির দূত এলে আগে ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে থাকার নিদান দিলেন বাঁকুড়ার ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা (Amarnath Shakha)। তাঁর দাবী, “মা-ছেলে দু’জনে মিলে বাংলাকে জর্জরিত করে দিয়েছে”।

গতকাল, মঙ্গলবার সোনামুখির কোচডিহি এলাকায় দলীয় সভায় হাজির ছিলেন অমরনাথ শাখা। এদিন মঞ্চে উপস্থিত ছিলেন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় নেত্রী লকেট চট্টোপাধ্যায়ও। তাঁর সামনেই বিধায়ককে বলেন, “আপনাদের বলছি ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে থাকবেন। একে তো ১১ বছর ধরে বরবাদ করেছে। এখন সবদিক থেকে মমতা ব্যানার্জি বাঁচার জন্য উনি আবিষ্কার করেছেন দরজায় মমতার দূত। আর আমরা বলছি দরজায় মমতার ভূত”।

তাঁর সংযোজন, “ওই ভূতরা কোনও না কোনও বিষয়ে জড়িত আছে। কোনও মাকে বলেছে আইসিডিএসে চাকরি করে দেব। কাউকে বলেছে তোর ব্যাটাকে সিভিক ভলান্টিয়ার করে দেব। কাউকে বলেছে ওই স্কুলে চাকরি করে দেব। কাউকে বলেছে মিড ডে মিলের চাকরি করে দেব। এই ভাবে প্রতিশ্রুতি দিয়ে কিছু না কিছু নিয়েছে। এই ভূতেরা গেলে আপনারা ঝাঁটা হাতে দাঁড়িয়ে থাকবেন”।

এদিন অমরনাথবাবু আরও বলেন, “মা-ছেলে দুজনে মিলে বাংলাকে জর্জরিত করে দিয়েছে। আমাদের প্রতিজ্ঞা নিয়ে এই ২ জনকে বাংলা ছাড়া করতে হবে। এদের উদ্দেশ্য বাংলাকে বাংলাদেশ বানানো”।

বিজেপি বিধায়কের এহেন মন্তব্যে প্রতিক্রিয়া দিয়েছে তৃণমূল। তাদের তরফে বলা হয়, “দিদির দূতেদের ভূতের মতো ভয় পাচ্ছে বিজেপি। তাই সম্বিত হারিয়ে তাদেরে নেতারা আজে বাজে কথা বলছেন”।

আরও অন্যান্য খবর