সামনেই বাংলায় বিধানসভা ভোট। বাংলায় পদ্ম ফুটাতে প্রতিজ্ঞাবদ্ধ বিজেপি নেতারা। পদ্মের শিকারকে আরও শক্ত করতে বাংলায় নিত্য আনাগোনা লেগে রয়েছে বিজেপি হাইকমান্ডের।গত কয়েকমাস ধরে যে হারে রাজ্যে গেরুয়া শিবিরের বাড়বাড়ন্ত শুরু হয়েছে, সেই রকম মরিয়া লড়াই আগে কোনওদিন চোখে পড়েনি বলে উল্লেখ করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। এই মাসেই রাজ্যে আসার কথা বিজেপি প্রেসিডেন্ট জেপি নাড্ডা, প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র। ৯ই জানুয়ারি বাংলায় আসার কথা রয়েছে বিজেপির সর্বভারতীয় সভাপতির। শোনা যাচ্ছে এবার নাকি বাংলার কৃষকদের বাড়ি বাড়ি গিয়ে এক মুঠো চালের জন্য ভিক্ষে করবেন বিজেপি সভাপতি। শুনতে অদ্ভুত লাগছে তাইনা? হ্যাঁ, এটাই সত্যি! বঙ্গ বিজয়ে গেরুয়া শিবিরের নতুন কৌশল এটাই।
প্রসঙ্গত উল্লেখ্য, এবারের বঙ্গ সফরে এসে পূর্ব বর্ধমানের কাটোয়ায় যাওয়ার কথা রয়েছে জেপি নাড্ডার। সেখানেই এক গ্রামের পাঁচ কৃষক পরিবারের থেকে হাত পেতে চাল-ডাল নেওয়ার পাশাপাশি সব্জিও নিয়ে নিজের ঝোলায় ভরবেন। নাড্ডার আসন্ন সফর নিয়ে এমনটাই জানিয়েছেন পশ্চিমবঙ্গ বিজেপির পর্যবেক্ষক অরবিন্দ মেনন। মেনন জানিয়েছেন, ‘৯ই জানুয়ারি কাটোয়ার জগদানন্দপুরে কৃষক পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন জেপি নড্ডা। কৃষক সুরক্ষা অভিযানে অংশগ্রহণ করে ৫টি পরিবার থেকে ১ মুঠো করে ধান সংগ্রহ করবেন তিনি।’
তাৎপর্যপূর্ণভাবে, ইতিমধ্যে যতবার বঙ্গ সফর করেছেন ততবারই আদিবাসী পরিবারগুলিতে মধ্যাহ্ন ভোজ সারতে দেখা গেছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে।
আদিবাসী সম্প্রদায়ের ঘনিষ্ঠ হয়ে জনসংযোগ বাড়ানোই এগুলোর মূল লক্ষ্য। আর এই সমস্ত পরিকল্পনা প্রধানত বের হয় বিজেপির চাণক্যের মাথা থেকেই। আর এবার সেই ঐতিহ্য মেনেই ‘বাড়ি বাড়ি মুষ্টি’ নামে নতুন কর্মসূচি নিয়ে ময়দানে নামছে পদ্ম শিবির।





