বাংলায় বাবরি মসজিদ বানানোর কথা বলেছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। গতকাল, সোমবার বিধানসভার বাইরে দাঁড়িয়ে এই নিয়ে মন্তব্য করেন তিনি। তাঁর এই মন্তব্যের পরই রাজ্য-রাজনীতিতে শুরু হয়েছে নানান আলোচনা-চর্চা। তৃণমূল বিধায়ককে এবার কটাক্ষ করলেন বিজেপি নেতা।
হুমায়ুন কবীর জানিয়েছেন, ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে তিনি মসজিদ ট্রাস্ট তৈরি করবেন। আর কয়েক বছরের মধ্যেই মুর্শিদাবাদের বেলডাঙাতে তৈরি হবে বাবরি মসজিদ। তাঁর এহেন পরিকল্পনার কথা শুনেই তোপ দাগলেন বিজেপি নেতা তথা আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে পোস্ট করেন তিনি।
কটাক্ষ ছুঁড়েই তরুণজ্যোতি তিওয়ারি প্রশ্ন করেন, “হুমায়ুন কবীরের বাবার নাম বাবর নাকি? হঠাৎ করে বাবরি মসজিদ তৈরি করার ইচ্ছে কেন হল? এই সেই বিধায়ক যে মুর্শিদাবাদের ৩০ শতাংশ হিন্দুদের ভাগীরথীতে ভাসিয়ে দেবে বলেছিল”। এখানেই শেষ নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ করেছেন তিনি। তাঁর কথায়, হুমায়ুনের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন কোনও নব্যবস্থা নেয়নি। পুলিশ মন্ত্রী চান নি বলেই কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবী বিজেপি নেতার।

উল্লেখ্য, মুর্শিদাবাদে বাবরি মসজিদ বানানো প্রসঙ্গে হুমায়ুন কবীর বলেন, গোটা মুর্শিদাবাদ এলাকার ৭৫ শতাংশ মানুষই মুসলিম সম্প্রদায়ের। জম্মু-কাশ্মীরের অনন্তনাগকে বাদ দিলে ভারতের সবথেকে বেশি মুসলিম অধ্যুষিত এলাকা এই মুর্শিদাবাদ। এই জেলার সংখ্যালঘু মুসলিমদের ভাবাবেগকে স্বীকৃতি দিতেই এই মসজিদ তৈরির সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল বিধায়ক, এমনটাই জানান।
হুমায়ুন কবীর জানান, তিনি একটি ট্রাস্ট তৈরি করে মসজিদের কাজ করবেন। রেজিনগর বা বেলডাঙার কোনও একটি জায়গায় ট্রাস্টের মাধ্যমে ২ একর বা ৬ বিঘা জমি কিনে এই মসজিদ তৈরি করবেন বলে জানান তিনি। মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানাবেন।
হুমায়ুন কবীর জানান, এই ট্রাস্টের সদস্য সংখ্যা ২০০-র বেশি হতে পারে। ২০২৫ সালের ৬ ডিসেম্বরের মধ্যে এই ট্রাস্ট তৈরি করতে চান তিনি। তিনি এও জানান, যত সময়ই লাগুক না কেন,তিনি এই মসজিদ তৈরি করার পরিকল্পনা করে নিয়েছেন।





