ভোট পরবর্তী হিংসার ঘটনায় সিবিআই তদন্ত, আক্রান্ত কর্মীদের সুবিচার পাইয়ে দিতে তৎপর বিজেপি

ভোট পরবর্তী হিংসার ঘটনার মামলার তদন্ত শুরু করেছে সিবিআই। সমস্ত ঘটনাকে এই তদন্তের অন্তর্ভুক্ত করতে এবার তৎপর হল রাজ্য বিজেপি নেতৃত্ব। আজ, সোমবার দলের হেস্টিংস কার্যালয়ে এক বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে কলকাতা লাগোয়া নানান জেলাগুলির নেতাদের সঙ্গে এই বিষয়ে আলোচনা করা হবে।

বিজেপি সূত্রের খবর, ভোট পরবর্তী হিংসার ঘটনায় ক্ষতিগ্রস্তদের হয়ত ক্ষতিপূরণ দেবে আদালত। এই কারণে  সমস্ত ঘটনাকে আদালতের নজরে আনার চেষ্টা চালানো হচ্ছে গেরা শিবিরের তরফে।

আরও পড়ুন- বিজেপিকে ভোট দেওয়ার খেসারত, বন্যাদুর্গতরা পাচ্ছেন না খাবার, ত্রাণ, নোংরা রাজনীতির কবলে ৫ হাজার পরিবার

কলকাতা হাইকোর্টের তরফে নির্দেশ দেওয়া হয়েছে যে ভোট পরবর্তী হিংসার ঘটনার তদন্ত করবে সিবিআই। সেই বিষয়ে আজ থেকে তদন্তে নেমেও পড়েছে তারা। আজ, সোমবার নারকেলডাঙ্গায় নিহত বিজেপি কর্মীর বাড়িতে যান তদন্তকারীরা।

বিজেপির মতে, অনেক কর্মীই বর্তমানে ঘরছাড়া। এই কারণে অনেকেই পুলিশে লিখিত অভিযোগ দায়ের করতে পারে নি। তাদের কথা যাতে আদালতে পেশ করা যায় এই কারণে জেলা নেতৃত্বদের সঙ্গে আলোচনায় বসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত শনিবার সাংগঠনিক জেলার নেতাদের সঙ্গে বৈঠকে বসেন দিলীপ ঘোষরা। আগামী দিনে আরও এরকম বৈঠক হতে পারে বলে জানা গিয়েছে। বিজেপির অনুমান, ভোট পরবর্তী হিংসায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিতে পারে আদালত। সেই ক্ষতিপূরণ যাতে সবাই পায়, এই কারণে তৎপর হয়ে কাজ করতে চাইছে বিজেপি।

আরও পড়ুন- আমন্ত্রণ পাননি রাখিবন্ধন অনুষ্ঠানে, বিডিও-র উপর ক্ষোভ উগড়ে দিলেন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার

গত ১৮ই আগস্ট কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয় যে ভোট পরবর্তী হিংসার ঘটনার তদন্ত করবে সিবিআই। হাইকোর্টের পাঁচ বিচারপতি ডিভিশন বেঞ্চের তরফে জানানো হয় যে খুন-ধর্ষণের মতো গুরুতর অভিযোগের তদন্তের পর্যবেক্ষণ করবেন সুপ্রিম কোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতি। অন্যদিকে, ঘরবাড়ি ভাঙচুর এমন ধরণের অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ মামলার তদন্তের জন্য কলকাতা পুলিশ কমিশনার সৌমেন মিত্রের নেতৃত্বে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে আদালত। আগামী ছয় সপ্তাহের মধ্যে উভয় দলকেই রিপোর্ট জমা দিতে হবে।

RELATED Articles