বিধানসভা নির্বাচন প্রায় আসন্ন। ভোটের নির্ঘণ্ট নির্বাচন কমিশন প্রকাশ করল বলে। এরই মধ্যে বাংলার নানান রাজনৈতিক দলগুলি কোমর বেঁধে ময়দানে নেমেছে ভোটের দৌড়ে এগিয়ে যাওয়ার লড়াইয়ে। সূত্র থেকে প্রাপ্ত খবর অনুযায়ী, এবার পাঁচতারা হোটেল থেকেই আগামী নির্বাচন পরিচালনা করবে বিজেপি। যা বাংলায় নজিরবিহীন এক ঘটনা।
মুরলীধর স্ট্রীটে বিজেপির রাজ্য কার্যালয় রয়েছে। এরপর গত বছরের শেষের দিকেই হেস্টিংসে একটি বহুতলের চারটে তলা নিয়ে আলাদা নির্বাচন কার্যালয় তৈরি করেছে বিজেপি। এই কার্যালয়ে নানান বিজেপি নেতাদের বসার জায়গার পাশাপাশি রয়েছে কর্পোরেট ধাঁচের কনফারেন্স রুম, আইটি রুম, সোশ্যাল মিডিয়া বিভাগ ও আরও অন্যান্য ব্যবস্থাপনা। এখানে প্রতিদিন প্রায় ২৫০ জনের খবার ব্যবস্থাও রয়েছে।
এই কার্যালয়েই এতদিন বিজেপি নেতারা সাংবাদিক সম্মেলন করেছেন। তবে বিজেপির সূত্রে জানা যাচ্ছে যে নির্বাচনের ঘোষণা হয়ে গেলে এই কার্যালয়ে সাংবাদিকদের প্রবেশ নিষেধ করে দেওয়া হবে। কোনও সংবাদমাধ্যম বা বাইরের লোক এই কার্যালয়ে আর ঢুকতে পারবেন না। এর বদলে সাংবাদিকরা জায়গা পাবেন ওই পাঁচতারা হোটেলে।
শুধু সাংবাদিক বৈঠকই নয়, নির্বাচনী প্রচারের জন্য বাংলায় আসা ভিন রাজ্যের মন্ত্রী, কেন্দ্রীয় নেতৃত্বদেরও ওই হোটেলেই থাকার ব্যবস্থা করা হবে। এই পাঁচতারা হোটেলেই হবে ‘স্ট্র্যাটেজি মিট’-এর মতো গুরুত্বপূর্ণ বৈঠক। শুধু হোটেলই নয়, নির্বাচনের কারণে আরও দুটো গেস্ট হাউজও ইতিমধ্যে ভাড়া নিয়ে নিয়েছে বঙ্গ বিজেপি।
এদিকে, বিজেপি যখন একদিকে বঙ্গ জয়ের উদ্দেশ্যে পাঁচতারা হোটেল থেকে নির্বাচন পরিচালনার কথা ভাবছে, তখন অন্যদিকে রায়গঞ্জের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির পরিবর্তন যাত্রার রথকে দশ তারা হোটেল রথ বলে কটাক্ষ করেছেন।





