ভোটের নামে প্রহসন হয়েছে বাংলায়, প্রতিবাদ জানাতে সোমবার পথে নামছে গেরুয়া শিবির

গতকাল ছিল রাজ্যের চার পুরনিগমে নির্বাচন। কিন্তু এদিন নানান জায়গা থেকে নানান ধরণের অভিযোগ উঠে আসে শাসকদলের বিরুদ্ধে। এর প্রতিবাদে আগামীকাল, সোমবার অর্থাৎ ১৪ই ফেব্রুয়ারি রাজ্যজুড়ে প্রতিবাদে পথে নামছেন বিজেপি নেতারা। এদিন দুপুর ২টোয় রাজ্যজুড়ে মিছিলের ডাক দিয়েছে পদ্ম শিবির।

এর পাশাপাশি নানান জেলার জেলা শাসকদের কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশও চালানো হবে বলে জানা গিয়েছে। বড়সড় অশান্তি না হলেও, রাজ্যের নানান জায়গা থেকে পুরভোটের দিন বিক্ষিপ্ত ঘটনার খবর শোনা গিয়েছে। কোথাও ভুয়ো ভোটার দিয়ে ছাপ্পা ভোট, তো কোথাও প্রার্থীর উপর হামলা তো আবার কোথাও বুথের বাইরে গুলি চলার অভিযোগ উঠেছে।

অতীতে বিধাননগরের নির্বাচনে প্রত্যেকবারই নানান অশান্তি দেখেছে বঙ্গবাসী। এবারেও তার অন্যথা হল না। বিধাননগরের ৪১ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা চক্রবর্তীর স্বামীকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ ওঠে।

অভিযোগ করা হয়, ওই ওয়ার্ডের ১ এবং ২ নম্বর বুথে প্রিসাইডিং অফিসাররের সামনেই শাসক দলের পোলিং এজেন্ট বহিরাগতদের নিয়ে এসে ছাপ্পা ভোট করাচ্ছিল। শুধু বিধাননগরই নয়, নানান জায়গা থেকেই নানান বিক্ষিপ্ত ঘটনার খবর মিলেছে।

আসানসোলে আবার ঘটেছে আর এক কাণ্ড। সেখানে বিজেপি প্রার্থীকে অপহরণ করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। বাংলার ভোট রাজনীতিতে এমন অভিযোগ সচরাচর শোনা যায় নি এর আগে। আসানসোলের ৪২ নম্বর ওয়ার্ডের প্রার্থী মধুসূদন দে ও তাঁর ছেলে দীর্ঘক্ষণ নিখোঁজ ছিলেন। পরে তাঁরা ফিরে এসে দাবী করেন যে শাসক দলের লোকেরা নাকি তাঁদের তুলে নিয়ে গিয়েছিল।

গতকাল, শনিবার ভোট শুরু হওয়ার পর থেকেই নানান জায়গা থেকে নানান অভিযোগ আসতে থাকে শাসকদলের বিরুদ্ধে। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে অভিযোগও বাড়তে থাকে। তবে যেখানে বিজেপি ঘাঁটি তুলনামূলক শক্ত, সেই শিলিগুড়ি থেকে ভোটের দিন তেমন কোনও অভিযোগ আসে নি। কিন্তু বাকি তিন পুরনিগম অর্থাৎ চন্দননগর, বিধাননগর ও আসানসোল থেকে তৃণমূলের বিরুদ্ধে ঝুড়ি ঝুড়ি অভিযোগ আনে বিজেপি।

নির্বাচনের দিন বিকেলেই বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন যে বাংলায় ভোটের নামে প্রহসন হয়েছে। তাঁর বক্তব্য, রাজ্য নির্বাচন কমিশন শান্তিপূর্ণ ভোটের আশ্বাস দিয়েছিল। কিন্তু কথা রাখতে কমিশন ব্যর্থ। এসব ঘটনার প্রতিবাদ জানাতেই আগামীকাল, ১৪ই ফেব্রুয়ারি রাজ্যজুড়ে প্রতিবাদ গড়ে তুলতে পথে নামছে গেরুয়া শিবির।

RELATED Articles