লোকসভা নির্বাচনের আগেই বিজেপির কাছে হেরে ভূত তৃণমূল! সমবায় সমিতির ভোটে জামানত জব্দ ঘাসফুল শিবির

সামনেই লোকসভা নির্বাচন। এর আগেই বিজেপির কাছে হেরে ভূত তৃণমূল। সমবায় সমিতির ভোটে বিজেপির কাছে ধরাশায়ী তৃণমূল। সমবায় সমিতি দখল করল গেরুয়া শিবির। এই জয়কে কেন্দ্র করে খুশির হাওয়া বিজেপির মধ্যে। লোকসভা নির্বাচনের আগে বিজেপির এই জয় যে দলকে বাড়তি অক্সিজেন জোগাবে, তা আর বলার অপেক্ষা রাখে না।

কোন সমবায় সমিতিতে জয় হলে বিজেপির?

পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর ব্লকের বৃন্দাবনপুর ১ গ্রাম পঞ্চায়েতে অন্তর্গত ১০৪ বছরের পুরনো এড়াশাল সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে জয়ী হয়েছে বিজেপি। গত রবিবার এই সমবায় সমিতিতে ছিল ভোট। সমবায় সমিতির ৯টি আসনের সবকটিতেই প্রার্থী দিয়েছিল তৃণমূল ও বিজেপি দুই দলই। কোনও অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সেই কারণে মোতায়েন করা হয়েছিল প্রচুর পুলিশও।

আজ, মঙ্গলবার ছিল ভোট গণনা। ভোট গণনার শেষে এদিন দেখা যায়, ৯টি আসনের ৬টিতেই জয় পেয়েছে গেরুয়া শিবির। এই সমবায় সমিতি এবার গেল বিজেপির দখলে। এদিন জয়ের পর গেরুয়া আবির খেলায় মাতলেন বিজেপি কর্মী-সমর্থকরা।

বিজেপি নেতাদের কথায়, এই সমবায় সমিতি পূর্ব মেদিনীপুরের অন্যতম পুরনো একটি সমবায় সমিতি। এখানে দীর্ঘদিন ধরে দুর্নীতি চালিয়েছে সিপিএম ও তৃণমূল। সেই কারণে স্থানীয় বাসিন্দারাই স্বতঃস্ফূর্তভাবে বিজেপিকে ভোট দিয়ে জিতিয়েছে। বিজেপির শক্তি যে বাড়ছে, তার প্রমাণ এই সমবায় সমিতিতে জয়, এমনটাই দাবী গেরুয়া শিবিরের নেতৃত্বের।

তবে বিজেপির এই জয়কে সেভাবে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। তাদের কথায় দলীয় প্রতীকে ভোট হয়নি সমবায় সমিতিতে। ব্যক্তি কেন্দ্রিক লড়াই ছিল এটা। তাই এই বিষয়টি নিয়ে অহেতুক জলঘোলা করার কোনও মানে দাঁড়ায় না বলেই মত ঘাসফুল শিবিরের।

RELATED Articles