আবাস যোজনা দুর্নীতি নিয়ে প্রতিবাদের জের, রাতের অন্ধকারে বিজেপি কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, উত্তপ্ত ক্যানিং

বিজেপি কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, গতকাল, রবিবার এই ঘটনায় জখম হন বিজেপি কর্মী সাধন পুরকাইত। ঘটনাটি ঘটেছে ক্যানিং অন্তর্গত নিকারীঘাটা গ্রাম পঞ্চায়েতের কোড়াকাঠি গ্রামে।

স্থানীয় সূত্রের খবর, নিকারীঘাটার কোড়াকাঠির বাসিন্দা সাধন পুরকাতই পেশায় একজন গ্যাস সাপ্লায়ার।এদিন তিনি তাঁর ভ্যান নিয়ে বেরিয়েছিলেন সারাই করার জন্য। কোড়াকাঠি মোড়ে ভ্যান নিয়ে দাঁড়িয়েছিলেন তিনি। অভিযোগ, সেই সময় আচমকা জনা কুড়ি লোক তাঁকে ঘিরে ধরে। অতর্কিতে লাঠি, রড দিয়ে বেধড়ক মারধর করে বলে দাবি এলাকার বিজেপি কর্মী-সমর্থকের।

এই ঘটনায় গুরুতর জখম হন সাধন পুরকাইত। খবর পেয়ে সেখানে পৌঁছন বিজেপি নেতৃত্ব। আহত বিজেপি কর্মীকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ক্যানিং মহকুমা হাসপাতালে। সেখানেই ভর্তি রয়েছেন তিনি।

এই ঘটনায় ক্যানিং ১ নম্বর মণ্ডল সহ সভাপতি কিংকর মণ্ডল বলেন, “আমরা আবাস যোজনার দুর্নীতি নিয়ে শনিবার ক্যানিং ১ বিডিও সাহেবকে একটি স্মারকলিপি জমা দিয়েছিলাম। সেই সময় ওই বিজেপি কর্মী সাধন পুরকাইত আমাদের সঙ্গে ছিলেন। সেই অপরাধেই তাঁকে বেধড়ক মারধর করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। তবে শুধু মারধর করে ক্ষান্ত হয়নি তারা, আমাদের ওই কর্মীকে শাসিয়ে বলে, যদি কেউ এরপরও বিজেপি করে, তবে তাদের চরম পরিণতি হবে”।

যদিও তৃণমূল নেতৃত্বের তরফে এই সব অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের দাবী, “রাতের অন্ধকারে কে কাকে মেরেছে তার কোনও ঠিক নেই। বিজেপির লোকজন বলছে দুষ্কৃতীদের কাজ। কেউ রাতের অন্ধকারে মারধর করলে সে কি তৃণমূল হয়ে যায়! দোষারোপ করার আগে সেটা ভাবতে হবে। অযথা তৃণমূল কংগ্রেসকে দোষ দিয়ে কোনও লাভ হবে না। কারণ তৃণমূল কোনও দিন হিংসার রাজনীতি করে না। এটা নিছক বিজেপির ঘরোয়া কোন্দলে মারামারি হয়ে থাকতে পারে। তাতে তৃণমূলকে কাঠগড়ায় তুলে রাজনৈতিক ভাবে ফায়দা তুলতে চাইছে বিজেপি”।

এই ঘটনায় সবপক্ষের দাবী শুনে তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ।

RELATED Articles