বাংলায় বিধানসভা ভোটকে কেন্দ্র করে একটা নতুন ট্রেন্ড এসেছে। ফিল্মস্টার থেকে শুরু করে সাধারণ নেতা সবাই নাকি জনসেবা করতে বিজেপিতে আসতে চান। বিগত বছরগুলোতে তৃণমূলে থেকে নাকি তাঁরা কাজ করতে পারেননি। আর তাই ভোটের মুখে কাজের এমন ধুম পড়েছে যে বিজেপিকে এখন তৃণমূলের বি-টিম বলা যেতেই পারে। দু’দিন আগে যাঁরা তৃণমূলের হয়ে বিজেপির বিরুদ্ধে কথা বলতেন এখন তাঁরাই দল বদলে গেরুয়া শিবিরে।
আর এতেই মহা সমস্যায় পড়েছে টিম বিজেপি। সবার জন্য আর দরজা খোলা রাখতে চাইছে না বিজেপি। এবার বিধানসভা নির্বাচনের আগে দরজা বন্ধ করে শুদ্ধিকরণের রাস্তায় হাঁটতে চলেছে গেরুয়া শিবির বলে জানা যাচ্ছে। বাংলায় বিজেপির অস্তিত্ব যাতে সংকটে না পড়ে তাই এমন নির্দেশ দিয়েছেন স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্।
এই বিষয়ে কৈলাস বিজয়বর্গীয় সাফ বলেন, ‘নির্বাচনের আগে নতুন করে বিজেপিতে যোগদান আমরা বন্ধ রাখছি। আপাতত আর কাউকে যোগদান করানো হবে না।’ যাঁরা ইতিমধ্যেই বিজেপিতে গিয়েছেন, তাদের তালিকাটা বেশ লম্বা। শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায়, বৈশালী ডালমিয়া, প্রবীর ঘোষাল, রথীন চক্রবর্তী, বনশ্রী মাইতি, রুদ্রনীল ঘোষ, সৈকত পাঁজা, দিপালী বিশ্বাস, সুকরা মুণ্ডা, শীলভদ্র দত্ত–সহ আরও অনেকেই।
বাংলায় ভোট শেষ না হওয়া পর্যন্ত অন্য কোনও দল থেকেই আর কাউকে দলে নেওয়া হবে না বলেই ঘোষণা দলের। কৈলাস বিজয়বর্গীয়ই তা স্পষ্ট করেছেন। দল ও সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে যোগদান, ‘মানুষের জন্য কাজ করতে চাওয়ার তাগিদ’ প্রবণতা ক্রমশ বাড়ছিল।
আর এই গুরুতর পরিস্থিতিতে বিজেপিতে ‘দলবদলু’-দের অবাধ প্রবেশে অবশেষে রাশ টানল বিজেপি। তৃণমূল কংগ্রেস থেকে আসা নেতা বা জনপ্রতিনিধিদের গেরুয়াকরণে আপাতত রাশ টানলেন স্বয়ং অমিত শাহ। ইতিমধ্যেই আদি–নব্যের লড়াইয়ে বেসামাল বঙ্গ–বিজেপি। নেপথ্যে কারণ একটাই—দলবদল। তাই পার্টিকে ‘তৃণমূলের বি–টিম’ হওয়া থেকে আটকাতে ‘দরজা বন্ধ’ করার সিদ্ধান্তই নিল কেন্দ্রীয় নেতৃত্ব।
রবিবার ডুমুরজলা স্টেডিয়ামে যোগদান মেলার পর অনির্দিষ্টকালের জন্য দলবদল পর্বে ছেদ পড়তে চলেছে বলে স্বীকার করে নিয়েছেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়। তাঁর স্পষ্ট বার্তা, ‘বিজেপিকে কোনওভাবেই তৃণমূলের বি–টিম হতে দেব না। তাই আপাতত বিজেপির দরজা বন্ধ করে দেওয়া হচ্ছে।’ জাতীয় বিজেপির পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত এই নেতা আরও বলেন, ‘আমাদের কাছে ৪০ জনের বেশি বিধায়কের আবেদন রয়েছে। প্রত্যেকের সম্পর্কে এলাকা ধরে ধরে সমীক্ষা করা হবে। কারও বিরুদ্ধে দুর্নীতি, বালি-কয়লা-গরু কেলেঙ্কারির অভিযোগ থাকলে দলে নেওয়া হবে না’।
তবে বাংলা বিজেপিতে তৃণমূল তাগিদেই অবাধ প্রবেশ কে ভালো চোখে দেখেনি সংঘ। এই পন্থা বন্ধ হওয়া দরকার আগেই জানিয়ে দেওয়া হয়েছিল আরএসএস-এর তরফে। দলের নীতি–আদর্শের সঙ্গে পরিচয় না করিয়ে, স্রোতের মতো লোক নিলে তার দাম চোকাতে হবে। এসব বন্ধ করতে হবে। উল্লেখ্য, জেলাস্তরে ‘দলবদলু’-দের নিয়ে অসন্তোষ ক্রমেই চরম আকার নিচ্ছে। পূর্ব বর্ধমানের পার্টি অফিস জ্বালানোর ঘটনা গেরুয়া শিবিরে আদি–নব্যের দ্বন্দ্বকে বেআব্রু করে দিয়েছিল। তারপর সোনারপুরে রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সামনেই দুই গোষ্ঠীর হাতাহাতি পরিস্থিতি আরও ঘোরালো করেছে। এই পরিস্থিতি সামলাতেই এমন সিদ্ধান্ত।
শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রীর ঘরে পদ্ম ফোটানো আপাতত স্থগিত রইল।





