দিলীপ ঘোষ যে কাজ অসম্পূর্ণ রেখেছেন, তা দিয়েই সংগঠনের কাজ শুরু করতে চান বিজেপির নতুন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আজ, মঙ্গলবার কলকাতায় পা রেখেই তিনি বলেন, “ইতিহাসে দিলীপদা অন্যতম সফল সভাপতি”। তাঁর আদর্শ মেনেই কাজ করবেন বলে জানান বিজেপির নতুন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
এদিন সুকান্ত মজুমদার বলেন, “পশ্চিমবঙ্গের ইতিহাসে দিলীপদা অন্যতম সফল সভাপতি। দিলীপদা যা করে গিয়েছেন, যেখানে শেষ করেছেন তারপর থেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া আমাদের চ্যালেঞ্জ। দিলীপদাও আছেন আমাদের সঙ্গে। দিলীপদার মত পরামর্শ নিয়ে তো চলবই। শুভেন্দু অধিকারীও আছেন আমাদের সঙ্গে। বিরোধী দলনেতা উনি। তাঁর পরামর্শ নিয়ে আগামী দিনে ভারতীয় জনতা পার্টি লড়াই করবে। অন্যান্য রাজ্য নেতৃত্ব তো রয়েছেনই”।
আরও পড়ুন- দিলীপ ঘোষকে সরিয়ে বিজেপি রাজ্য সভাপতি করা হল সুকান্ত মজুমদারকে! হতবাক রাজনৈতিক মহল
একুশের বিধানসভা নির্বাচনের পরই দিলীপ ঘোষকে রাজ্য সভাপতি পদ থেকে সরানো নিয়ে ন্ননা জল্পনা তৈরি হয়। বিজেপির অন্দরের খবর, বাংলায় নতুন করে বিজেপিকে সাজাতে চায় কেন্দ্র। আর তা শুরু হল একেবারে শীর্ষ পদ থেকেই। নতুন মুখ আনতে উদ্যত বিজেপি।
আগেই শোনা গিয়েছিল যে বিজেপির রাজ্য সভাপতি পদে দিলীপ ঘোষ আর বেশিদিন নেই। নতুন রাজ্য সভাপতি কে হতে পারেন, এই নিয়ে দিল্লিতে নামের তালিকাও যায়। সেই তালিকায় সুকান্ত মজুমদারের নাম থাকলেও তিনিই যে শেষ পর্যন্ত রাজ্য সভাপতি নিযুক্ত হবেন, তা হয়ত অনেকেই ভাবেন নি।
তবে এই বিষয়ে দিলীপ ঘোষের প্রতিক্রিয়া, “আমি একজন সাংসদ। এখানকার একজন সাধারণ কর্মী হিসাবে থাকব। এখানে পার্টি সিদ্ধান্ত নেবে আমাকে কী কাজ দেবে। যাঁরা আমাকে ভাইস প্রেসিডেন্ট করেছেন, তাঁরাও দেশের কোথায় কী কাজ আমি করব তা ঠিক করবেন। দলের সাধারণ কর্মী হিসাবে আমি আছি। পার্টি যা দায়িত্ব দেবে করব। এতদিন সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছিল। সারা রাজ্য ঘুরে সংগঠন দাঁড় করানোর চেষ্টা করেছিলাম। পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টি সংগঠন হিসাবে দাঁড়িয়েছে। এবারে ক্ষমতায় আসার জন্য লড়াই চলবে”।
নতুন রাজ্য সভাপতি নির্বাচিত হওয়ার পর আজ, মঙ্গলবার সকালেই উত্তরবঙ্গ থেকে কলকাতা আসেন সুকান্ত মজুমদার। কলকাতা স্টেশনে নেমেই তিনি মুখোমুখি হন সাংবাদিকদের। সেখানেই তিনি বলেন যে রাজ্যে গণতন্ত্র ফেরানোই তাঁর প্রধান লক্ষ্য হবে। এছাড়াও তিনি তোপ দাগেন যে গত কয়েক বছরে এ রাজ্যে তালিবানি শাসন কায়েম হয়েছে।
আরও পড়ুন- মহাত্মা গান্ধীর সঙ্গে রাখি সাওয়ান্তের তুলনা টেনে ব্যাপক বিতর্কে জড়ালেন যোগীরাজ্যের বিধানসভার স্পিকার
এদিন সুকান্তবাবু যাবেন বিজেপির রাজ্য দফতরে। সেখানে তাঁকে সংবর্ধনা জানানো হবে। উপস্থিত থাকবেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষও। এরপর তিনি যাবেন হেস্টিংসে নির্বাচনী দফতরে। সামশেরগঞ্জ, ভবানীপুর, জঙ্গিপুরের নির্বাচন নিয়ে দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসবেন সুকান্ত মজুমদার। সেখানেই তিনি সাংবাদিকদের মুখোমুখি হবেন।





