পঞ্চায়েত নির্বাচনের ঠিক আগে ফের একবার উত্তপ্ত কোচবিহার। বিজেপির প্রার্থীর বাড়ির সামনে উদ্ধার হল তাজা বোমা। বিজেপি প্রার্থীর দাবী, এই ঘটনা ঘটিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। পুলিশে খবর দেওয়া হলে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে আজ, মঙ্গলবার সকালে তুমুল আতঙ্ক ছড়ায় ওই এলাকায়।
ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ-২ ব্লকের ভানুকুমারি-২ গ্রামপঞ্চায়েতের বালাকুঠি জোড়াইমোড় এলাকায়। এবারের পঞ্চায়েত নির্বাচনে ৯/১৩০ নম্বর গ্রাম পঞ্চায়েতে বিজেপির হয়ে ভোটে লড়ছেন সুমিত দাস। এদিন সকালে তাঁর বাড়ির সামনে থেকেই উদ্ধার হয় তাজা বোমা। বিজেপি প্রার্থীর অভিযোগ, তৃণমূল ভয় পেয়ে এমন ঘটনা ঘটিয়েছে। তৃণমূলের পায়ের তলায় মাটি নেউ, সেই কারণে এমন ঘটনা ঘটিয়ে মানুষের মনে আতঙ্ক তৈরির চেষ্টা করছে শাসক দল, এমনটাই দাবী বিজেপি প্রার্থীর।
অন্যদিকে এই ঘটনা প্রসঙ্গে স্থানীয় তৃণমূলের অঞ্চল কমিটির সভাপতি সুজিত ঘোষের দাবী, এই রাজনীতি বিজেপিই করে। গত লোকসভা ভোটে এলাকাকে কার্যত বোমার আঁতুড়ঘর তৈরি করে তুলেছিল বিজেপি, এমনটাই অভিযোগ করেন সুজিত।
তিনি এও বলেন, “সারা বছর এদের ময়দানে দেখা যায় না। ভোটের সময় সহানুভূতি আদায়ের চেষ্টায় নিজেই নিজের বাড়ির সামনে বোমা রেখেছেন বিজেপি প্রার্থী। আবার পুলিশকেও ডেকে এনেছেন”।
উল্লেখ্য, ভোটের আগে থেকেই একাধিক বার উত্তপ্ত হয়েছে কোচবিহার। রাজ্য নির্বাচন কমিশন যে বুথগুলিকে স্পর্শকাতর বলে চিহ্নিত করেছে, তার মধ্যে শীর্ষে রয়েছে কোচবিহারের নাম। এই জেলার ২,৩৮৫টি বুথের মধ্যে ৩১৭টি বুথকে স্পর্শকাতর বলে চিহ্নিত করা হয়েছে।





