রথের মেলা, চড়কের মেলা, পুজোর মেলা বাংলায় এমন নানান ধরণের মেলা হয়। নানান অনুষ্ঠানেই নানান সময় মেলার আয়োজন করা হয়ে থাকে। কিন্তু তা বলে বউ মেলা? এমন মেলাও হয়? হ্যাঁ, বউ মেলা হয় তাও আবার এই বাংলাতেই। সেই মেলা থেকে বউ আনতে আপনিও যাবেন নাকি?
দুর্গাপুজোর দশমীর দিন ইছামতী নদীর তীরে বসে এই বউ মেলা। গত একশো বছর ধরে এই মেলা হয়ে আসছে। এবছরও এই মেলা বসেছিল। আর সেই মেলায় এবার দেখা গেল উপচে পড়া ভিড়। নানান পণ্যের পসরা নিয়ে নারী ব্যবসায়ীরা বসেন এই মেলায়।

শুধুমাত্র নারীদের জন্যই আয়োজিত হয় এই মেলা। সেই কারণেই এই মেলাকে ‘বউ মেলা’ বলা হয়ে থাকে। এই মেলা যেন নারীদের জন্য এক বিনোদনের কেন্দ্র হয়ে ওঠে। এই মেলায় সব বয়সী নারীরা স্বাচ্ছন্দ্যে নিজেদের ইচ্ছামতো কেনাকাটা করতে পারেন।
এই মেলায় নানান ধরণের মিষ্টি থেকে শুরু করে খেলনা, চুরি, কানের দুল, আলতা, মাটির ও বাঁশের তৈরি নানান জিনিস বিক্রি হয়। চিনি ও গুড় দিয়ে তৈরি নানান জিনির বিক্রি হয় এই মেলায়। এই মেলা শুধুমাত্র হিন্দু নারীদের জন্য নয়। সর্বজনীন মেলা এটি। এই মেলায় সব ধর্মের নারীরাই যোগ দিতে পারেন।

এই মেলা সম্পর্কে মেলা আয়োজক কমিটির সভাপতি জানান, “দুর্গাপুজো উপলক্ষে একশো বছরের বেশি সময় ধরে একদিনের জন্য বসানো হয় এই মেলা। প্রতি বছর দূরদূরান্তের মানুষ এই মেলায় আনন্দ উপভোগ করতে আসেন। এ বছরও তার কোনো কমতি ছিল না”।

দশমীর দিন সকাল থেকে শুরু হয় এই ‘বউ মেলা’। সন্ধ্যা পর্যন্ত তা চলে। সন্ধ্যার সময় দুর্গাঠাকুর বিসর্জনের মাধ্যমে এই মেলা শেষ হয়। বলে রাখা ভালো, এই মেলায় কিন্তু পুরুষের নিষেধ মানা। অর্থাৎ বউ আনতে যাওয়ার স্বপ্ন জলে।






