শাহজাহান গ্রেফতার হতেই পাল্টা মারের হুমকি শানালেন তাঁর ভাই, সন্দেশখালিতে কী আগুন এখনই নিভছে না?

দীর্ঘ টালবাহানা শেষে অবশেষে গ্রেফতার করা হয়েছে সন্দেশখালির বেতাজ বাদশা শেখ শাহজাহানকে। সন্দেশখালিতে এখন উৎসবের মেজাজ। তবে সেখানকার অলিগলিতে বুটের শব্দ শোনা যাচ্ছে। চলছে রুট মার্চ। শাহজাহানের গ্রেফতারির পর যাতে তাঁর অনুগামীরা কোনও অশান্তি না ছড়ায়, সেই কারণেই এই পদক্ষেপ। এসবের মাঝেই এবার পাল্টা মারের হুমকি দিলেন শাহজাহানের এক ভাই শেখ আলমগীর।

কী বলেছে শাহজাহানের ভাই?   

শাহজাহানের ভাইয়ের কথায়, “আইন যেন সকলের জন্য় সমান হয়। যদি শাহজাহানের বিরুদ্ধে জমি দখল, ধর্ষণ, গণধর্ষণের অভিযোগ প্রমাণিত হয় তবে আইন আইনের পথে হাঁটবে। কিন্তু যদি অভিযোগ প্রমাণিত না হয়, তাহলে যারা যারা এই অভিযোগ তুলেছে তাঁদের প্রত্যেকের বিরুদ্ধে মানহানির মামলা করব”।

প্রসঙ্গত, গত মাসে রেশন দুর্নীতি কাণ্ডে শাহজাহানের বাড়ি তল্লাশি যায় ইডি। সেই সময় শাহজাহানের অনুগামীরা হামলা করে ইডি আধিকারিকদের উপর। সেই থেকেই পলাতক ছিলেন শাহজাহান। রাজ্য পুলিশ খোঁজ করছিল তাঁর। অবশেষে গতকাল, বুধবার সন্দেশখালি থেকেই গ্রেফতার করা হয় তাঁকে। ইডির হানা নিয়েও এদিন কথা বলেন শাহজাহানের ভাই।

তিনি বলেন, “সাতসকালে শেখ শাহজাহানের বাড়িতে হানা দেয় ইডি। কিন্তু কিছুই পায়নি। যদি রেশন দুর্নীতির অভিযোগ প্রমাণিত হয় তাহলে ব্যবস্থা নিক তদন্তকারী সংস্থা। কিন্তু যাদের ক্যামেরায় টাকা নিতে দেখা গিয়েছে, তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না”? এর আগে শুভেন্দু অধিকারীকে গ্রেফতারির দাবী তুলেছেন তৃণমূল নেতারাও। এবার সেই একই সুর শোনা গেল শাহজাহানের ভাইয়ের মুখেও।

শেখ আলমগীরের এহেন হুমকির পর এবার সন্দেশখালিতে আতঙ্ক ছড়াচ্ছে বৈ কী! এই প্রসঙ্গে উঠে আসছে বগটুই ঘটনার স্মৃতি। সেখানে তৃণমূল নেতা ভাদু শেখের খু’নের পর গ্রামের একের পর এক বাড়ি জ্বালিয়ে দিয়েছিল তাঁর অনুগামীরা। এবার শাহজাহানের গ্রেফতারির পরও সন্দেশখালিতে সেই আগুনই জ্বলবে না তো? এমনই আতঙ্ক সন্দেশখালি জুড়ে।

RELATED Articles