দাদা এখন তিহাড়ে! বোলপুরে দুষ্কৃতীদের মারধর অনুব্রতর ভাইকে, সহযোগিতা করল না পুলিশ, রক্তাক্ত অবস্থায় পড়ে রইলেন থানার বাইরে

তিনি বর্তমানে তিহাড় জেলে বন্দি। আর এই সময়ই বোলপুরে তাঁর ভাইয়ের উপর হল আক্রমণ। বেধড়ক মারধর করা হল অনুব্রত মণ্ডলের ভাইকে। দু’জন দুষ্কৃতীর বিরুদ্ধে এই অভিযোগ উঠল। এই ঘটনাকে কেন্দ্র করে বোলপুরে বেশ চাঞ্চল্য ছড়িয়েছে।

আক্রান্ত অর্থাৎ অনুব্রত মণ্ডলের ওই ভাইয়ের নাম সুমিত মণ্ডল। অনুব্রতর তুতো ভাই তিনি। পেশায় প্রাথমিক শিক্ষক। জানা গিয়েছে, গতকাল, বৃহস্পতিবার অনুব্রত মণ্ডলের নিচুপট্টির বাড়ি সংলগ্ন বোলপুরের বাড়িপুকুরের কাছে ছিল বিসর্জন।

সেই সময়ই এলাকার যুবকদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েছিলেন সুমিত। অভিযোগ, কামরুল আলি ও আকাশ কুণ্ডু নামে দুই যুবক সুমিতকে বেধড়ক মারধর করতে থাকেন। মেরে তাঁর নাক-মুখ ফাটিয়ে দেয় বলে অভিযোগ। এরপর রক্তাক্ত অবস্থায় সুমিতকে বোলপুর থানার সামনেই ফেলে দিয়ে যায় দুষ্কৃতীরা, এমনটাই জানা গিয়েছে।

কী জানান সুমিত?

সুমিতের দাবী, অনুব্রত মণ্ডলের ভাই বলেই তাঁর উপর আক্রমণ করা হয়েছে। তিনি বলেন, “বিসর্জনের সময় কামরুল আলি ও আকাশ কুণ্ডু আমাকে আক্রমণ করে। আমাকে মেরে মাথা ফাটিয়ে দেয়। যেহেতু আমার দাদা তিহারে বন্দি তাই পুলিশ অসহযোগিতা করছে। আমি প্রচণ্ড অসুস্থতা বোধ করছি৷ এটা বলার পরেও পুলিশ আমাকে হাসপাতালে নিয়ে যায়নি”। দীর্ঘক্ষণ ধরে থানার বাইরেও রক্তাক্ত অবস্থায় পড়ে থাকেন তিনি। পরে পরিবারের সদস্যরা এসে তাঁকে হাসপাতালে নিয়ে যায় বলে জানা গিয়েছে।

RELATED Articles