Murshidabad Unrest : হিজলতলায় ফের হামলা, ভাঙচুর BSF গাড়িতে! কেন্দ্র-রাজ্যের যৌথ নজরে উত্তপ্ত সামশেরগঞ্জ

একটা সময় ছিল যখন সন্ধে নামলেই হিজলতলার বাজার থেকে সামশেরগঞ্জের অলিগলি চুপচাপ হয়ে যেত। ছোট ছোট দোকানদাররা তাড়াতাড়ি ঝাঁপ ফেলে বাড়ি ফিরে যেতেন। এখন সেই চুপচাপ পথ যেন নতুন করে সরগরম, তবে তার পিছনে নেই কোনও উৎসবের রঙ। বরং অশান্তির ছায়া। পাড়ার বৃদ্ধ থেকে শুরু করে স্কুল পড়ুয়া, সকলেই আতঙ্কে দিন কাটাচ্ছেন। কোথায় কখন আবার অশান্তি ছড়ায়, তার কোনও ঠিক নেই।

শহরে পুলিশি টহল চলছে, আধাসেনা দাঁড়িয়ে রয়েছে মোড়ে মোড়ে। কিন্তু তাতেও স্বস্তি পাচ্ছে না এলাকাবাসী। হিজলতলা, ধুলিয়ান বা সামশেরগঞ্জ—সব জায়গায় থমথমে পরিবেশ। অনেকে বলছেন, “বাইরে সেনা থাকলেও মনে শান্তি নেই, যদি আবার কিছু ঘটে?” ঠিক এই পরিস্থিতিতে রাজ্যের মানুষ তাকিয়ে ছিলেন প্রশাসনের বড় কোনও পদক্ষেপের দিকে।

এর আগে ঘটনাস্থলে পৌঁছেছিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। এবার সেই ধারাবাহিকতায় শনিবার দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের বিএসএফ-এর ইন্সপেক্টর জেনারেল করণি সিং সেখাওয়াত পৌঁছলেন সামশেরগঞ্জে। বিশেষ নজরে ছিলেন সেই এলাকাগুলি যেখানে আগেই গুলি চালাতে হয়েছিল বিএসএফকে, আর ভাঙচুর হয়েছিল তাদের গাড়ি। আইনশৃঙ্খলা পরিস্থিতির রীতিমতো পর্যালোচনা করেন তিনি। সবদিক থেকে কড়া নজর রাখার বার্তা দেন সেনা জওয়ানদের।

সামশেরগঞ্জ থেকে করণি সিং বলেন, “যতদিন পুলিশ চাইবে ততদিন আমরা থাকব। আমাদের জওয়ানদের সর্বদা সতর্ক থাকতে বলা হয়েছে। বিশৃঙ্খলাকে বরদাস্ত করা হবে না। পুলিশের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছি আমরা।” তাঁর এই বক্তব্যে প্রশাসনিক স্তরে কিছুটা হলেও আশ্বস্ত সাধারণ মানুষ, তবে এলাকাবাসীর চোখে এখনও ভয়ের রেখা স্পষ্ট।

আরও পড়ুনঃ Dhulian Shopping Mall Loot : এবার কি ওয়াকফ-বিক্ষোভের আড়ালে লুকিয়ে মৃত্যু-ফাঁদ? শপিং মলে হঠাৎ তাণ্ডব, ভয়ে কাঁপছে ধুলিয়ান

সূত্রের খবর অনুযায়ী, শনিবার রাতেও সামশেরগঞ্জের একাধিক এলাকায় নতুন করে অশান্তি ছড়ায়। হিজলতলায় বিএসএফের গাড়িতে ভাঙচুর চলে। এই ঘটনার পরই গোটা এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। ধুলিয়ান পৌরসভা ও পার্শ্ববর্তী গ্রামে বাড়ানো হয়েছে পুলিশের নজরদারি। কোথাও কোনও জমায়েত দেখলেই সঙ্গে সঙ্গে ছত্রভঙ্গ করে দিচ্ছে পুলিশ ও আধাসেনা। সবমিলিয়ে, অশান্ত মুর্শিদাবাদে শান্তি ফেরাতে প্রশাসন আপ্রাণ চেষ্টা চালালেও আতঙ্ক এখনও পুরোপুরি কাটেনি।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

RELATED Articles