অপবাদ নিয়ে বেঁচে থাকার লড়াই এবার শেষ, প্রয়াত ‘নেহরুর বউ’, কেউ কী চেনেন তাঁকে?

আর অপবাদ মাথায় নিয়ে বেঁচে থাকতে হবে না। সব লড়াইয়ের ইতি এবার। গতকাল, শুক্রবার রাতে আসানসোলের পাঞ্চেতের এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ‘নেহরুর বউ’ বুধনি। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। গতকাল মৃত্যু হয় তাঁর। আজ, শনিবার তাঁর মৃতদেহ আনা হয় পাঞ্চেতে তাঁর আবাসনে। এরপর শেষকৃত্য সম্পন্ন হয় বুধনির।   

কে এই নেহরুর বউ?

১৯৫৯ সালের ৬ ডিসেম্বরে আসানসোলে ডিভিসির পাঞ্চেত জলাধারের উদ্বোধন করতে গিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী নেহরু। সেদিন আদিবাসীদের পক্ষ থেকে প্রতিনিধি হিসাবে সেখানে বুধনি মেঝানও উপস্থিত ছিলেন। তাঁর হাত দিয়েই পাঞ্চেত ড্যামের উদ্বোধন করেছিলেন জওহরলাল নেহরু। সেদিনের সেই অনুষ্ঠানে নেহরুকে মালা পরিয়েছিলেন বুধনি। তাঁকেও সম্মান জানাতে সেই মালা তাঁর গলায় পরিয়ে দিয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী।

এরপর থেকেই তাঁকে ‘নেহরুর বউ’ বলে সকলে। তাঁকে সমাজে সকলে উপেক্ষা করতে শুরু করে। সমাজ তাঁকে একঘরে করে দেওয়ায় গ্রাম ছেড়ে চলে যেতে বলা হয় বুধনিকে। আদিবাসী সমাজ থেকে হারিয়েই যান তিনি। পরবর্তীকালে বুধনিকে খুঁজে নিয়ে আসে ডিভিসি কর্তৃপক্ষ। ফের তাঁর চাকরি ফিরিয়ে দেওয়া হয়। সময়মতো অবসর নিয়েছিলেন বুধনি মেঝান।

অবসরের পর থেকে ডিভিসির আবাসনেই থাকতেন বুধনি। এলাকাবাসীর দাবী, জীবনে তিনি নিজের সঠিক সম্মান পাননি। গ্রামেও আর কোনওদিন ফিরে যেতে পারেনি বুধনি। অবশেষে মৃত্যু হল তাঁর গতকাল, শুক্রবার। তাঁর শেষকৃত্য সম্পন্ন হয় পাঞ্চেত শ্মশানে। ডিভিসির পক্ষ থেকে সম্মান জানানো হয় বুধনিকে। স্থানীয় পঞ্চায়েতের পক্ষ থেকেও সম্মান দেওয়া হয় তাঁকে।

RELATED Articles