প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে ফের এক দুর্ঘটনা। মালবাজারের মাল নদীতে হড়পা বানের পর এবার দুর্ঘটনা ঘটে গেল দুর্গাপুজোর কার্নিভালে। প্রতিমা নিয়ে যাওয়ার সময় গরুর গাড়ি থেকে ছিটকে বেরিয়ে গেল ষাঁড়। আর সেই ষাঁড়ের গুঁতোয় মৃত্যু হল এক বৃদ্ধের। আহত একাধিক। মৃতের নাম সাধন কর্মকার। ওই ব্যক্তিকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজের সিসিইউ-তে ভর্তি করা হয়। কিন্তু সেখানেই মৃত্যু হয় তাঁর। আজ, শনিবার মৃতদেহের ময়নাতদন্ত করবে পুলিশ।
শুক্রবার রাতে কার্নিভাল চলাকালীন আচমকাই গরুর গাড়ি ছেড়ে ছুটে বেরিয়ে যায় একটি ষাঁড়। তাকে আটকানোর চেষ্টা করেও কোনও লাভ হয়নি। সেই ষাঁড়ের শিংয়ের গুঁতোয় আহত হন অনেকে। গাড়ি থেকে ছিটকে পড়ে যায় দুর্গা প্রতিমার মূর্তি। আহতদের রাতেই হাসপাতালে ভর্তি করা হয়।
গতকাল, শুক্রবার জেলায় জেলায় কার্নিভালের আয়োজন করা হয়। রায়গঞ্জেও একাধিক ক্লাব অংশগ্রহণ করেছিল কার্নিভালে। আর তার মধ্যে এই উন্মত্ত ষাঁড়ের তাণ্ডব শুরু হয়। কম বেশি আহত হয়েছেন প্রায় ৩০ জন। কয়েকজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে বলে খবর।
গতকাল, শুক্রবার রাতেই অরবিন্দ কুমার মীনা, রায়গঞ্জের পুলিশ সুপার সানা আখতার সহ প্রশাসনিক কর্তারা সাধন কর্মকারকে দেখতে মেডিক্যাল কলেজে যান। কয়েক ঘন্টা বাদেই মৃত্যু হয় ওই ব্যক্তির। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। চাপা ক্ষোভ রয়েছে এলাকায়।
প্রত্যক্ষদর্শীদের মতে, রায়গঞ্জের অনুশীলনী ক্লাবের শোভাযাত্রায় গরুর গাড়ি করে প্রতিমা নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময় মোহনবাটি এলাকার কাছে একটি ষাঁড় গাড়ি থেকে ছুটে বেরিয়ে আসে আর শিলিগুড়ি মোড়ের দিকে ছুটতে থাকে।
রাস্তার মাঝে যাকে পায় তাকেই গুঁতোতে থাকে ষাঁড়টি। এর জেরে বেশ কয়েকজন আহত হন। এক প্রত্যক্ষদর্শী জানান যে এক সেকেন্ডেরও কম সময়ের মধ্যেই গোটা ঘটনাটা ঘটে যায়। এর জেরে তীব্র চাঞ্চল্য ছড়ায়।
মন্ত্রী গোলাম রব্বানী-সহ প্রশাসনিক কর্তাদের সামনেই এই ঘটনা ঘটে। মাল বাজারের ঘটনার পরও কেন সতর্কতা অবলম্বন করা হল না, তা নিয়ে উঠছে প্রশ্ন। প্রসঙ্গত, দশমীর রাতে মাল বাজারে মাল নদীতে হড়পা বানের জেরে ভেসে যায় একাধিক মানুষ। মৃত্যু হয়েছে ৮ জনের।





