‘পুলিশের হাত-পা খুলে দিন, বাঁধবেন না, সন্ত্রাসের বিরুদ্ধে পদক্ষেপ নিন’, মুখ্যমন্ত্রীকে আর্জি বিধায়কের, সমালোচনার মুখে তৃণমূল নেতা

এর আগেও নানান মন্তব্যের জেরে বিতর্কে (controversy) জড়িয়েছেন তিনি। আর এবারও তেমনটাই ঘটল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) রাজ্যকে শান্ত করার আর্জি জানিয়ে বিতর্কের মুখে ইসলামপুরের তৃণমূল বিধায়ক আব্দুল করিম চৌধুরী (Abdul Karim Chowdhury)। তিনি বলেন, “পুলিশের (Police) হাত-পা খুলে দিন, বাঁধবেন না, সন্ত্রাসের বিরুদ্ধে পদক্ষেপ নিন”। আর তাঁর এহেন মন্তব্যের জেরে দলের নেতাদেরই সমালোচনার শিকার হয়েছেন বিধায়ক।

বিগত কয়েকদিন ধরেই সিভিক ভলান্টিয়ারের খু’নের ঘটনায় উত্তাল ইসলামপুর। সেই মৃত্যুর প্রতিবাদে অভিযুক্তদের শাস্তির দাবী তুলে গতকাল, সোমবার মৌন মিছিল করেন বিধায়ক আব্দুল করিম চৌধুরী। মিছিলের শেষে মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে তিনি বলেন, “মমতাদি আপনি অনেক সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করেছেন। এবার আপনি পুলিশের হাত-পা খুলে দিন। আপনাকে এগুলো শোভা পায় না”। তিনি আরও বলেন, “একটা ছেলে মারা গেল, আপনি কোনও ব্যবস্থা করলেন না”।

শুধু তাই-ই নয়, এদিনব্লক সভাপতি জাকির হোসেনকেও কটাক্ষ করেন আব্দুল করিম চৌধুরী। তাঁর কথায়, “আমি বহুবার বলেছি জাকির হোসেন সন্ত্রাসবাদী। কেউ আমার কথা শোনেনি। পুলিশও কোনও কথা শোনেনি”।

তবে এভাবে প্রকাশ্যে মুখ্যমন্ত্রীকে আক্রমণ একেবারেই ভালোভাবে নিচ্ছে না শাসক দল। এর জেরে যে তৃণমূল বেশ অস্বস্তিতেই পড়েছে, তা বলাই বাহুল্য। এই প্রসঙ্গে তৃণমূলের জেলা সভাপতি কানাইলাল আগরওয়াল বলেন, “একটা ঘটনা ঘটেছে। পুলিশ ব্যবস্থা নিয়েছে। কিন্তু উনি বারবার দলকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছেন”।

অন্যদিকে, এই বিষয়ে এসপি জানান, “ইতিমধ্যেই খুনের ঘটনায় ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের জেরা করে তদন্ত চালানো হচ্ছে”।

RELATED Articles