‘গাদা গাদা পঞ্চায়েত মামলার নীচে বাকি মামলা চাপা পড়ে যাচ্ছে, অন্য মামলা শোনা হচ্ছে না’, বিরক্তি প্রকাশ হাইকোর্টের প্রধান বিচারপতির

পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকেই একের পর এক মামলা ভিড় করতে শুরু করে কলকাতা হাইকোর্টে। একাধিক বিচারপতির এজলাসে নানান মামলা চলছে শুধুমাত্র পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে। এর আগে রাজনৈতিক মামলা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন বিচারপতি জয় সেনগুপ্ত। আর এবার রাজনৈতিক মামলা আধিক্যের জন্য বিরক্তি প্রকাশ করলেন খোদ হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম। আজ, মঙ্গলবার এক মামলা চলাকালীন তিনি বলেন যে এত রাজনৈতিক মামলার কারণে অন্য কোনও মামলা শোনাই হচ্ছে না।

বিচারপতি জয় সেনগুপ্ত, বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ থেকে শুরু করে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে একাধিক মামলা দায়ের হয়েছে। প্রায় প্রতিনিয়ত সে সব মামলার শুনানি চলছে। ভোট ঘোষণা হওয়ার পর থেকে মনোনয়ন পর্ব, ভোট, গণনা সবকিছু নিয়েই মামলা হয়েছে। আদালতের নির্দেশে বেশ কিছু কেন্দ্রে ভোটও বাতিল হয়েছে।

আজ, মঙ্গলবার এমনই এক মামলার শুনানি চলছিল আদালতে। সেই সময় প্রধান বিচারপতি শিবজ্ঞানম বলেন, “গত দেড় মাস ধরে গাদা গাদা পঞ্চায়েত মামলা হচ্ছে। সে সব মামলা শুনতে গিয়ে অন্য কোনও মামলা শোনা যাচ্ছে না। আর মানুষ ভাবছে আমরা কাজ করছি না”।

আইনজীবীদের একাংশ আদালতে আবেদন করেছিলেন যাতে মামলার নির্দিষ্ট সময় দেওয়া হয়। সেই আবেদনের প্রেক্ষিতে প্রধান বিচারপতি বলেন, “আসলে আপনাদের পঞ্চায়েত মামলার ভিড়ে অন্য সব মামলা চাপা পড়ে যাচ্ছে। এরপরেও যদি আপনারা মামলার সময় নির্দিষ্ট করতে বলেন, সেটা আমাদের পক্ষে সম্ভব নয়”।

উল্লেখ্য, সম্প্রতি পূর্ব মেদিনীপুরের ১০ জন বিজেপি কর্মী রক্ষাকবচ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। সেই মামলায় বিরক্তি প্রকাশ করে বিচারপতি জয় সেনগুপ্ত বলেছিলেন যে এত রাজনৈতিক মামলায় সময় দেওয়া সম্ভব নয়।  

আরও অন্যান্য খবর