কারা হামলা করেছিল নিশীথের গাড়িতে? বৃহত্তর ষড়যন্ত্রের আঁচ, সিবিআইকে তদন্তের নির্দেশ হাইকোর্টের

দিনহাটায় (Dinhata) কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের (Nisith Pramanik) গাড়িতে কারা হামলা করেছিল? সেই মামলায় এবার বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। এই মামলার তদন্তভার দেওয়া হল সিবিআইয়ের (CBI) হাতে।

বলে রাখি, ২৪ ফেব্রুয়ারি অমিত শাহের ডেপুটি নিশীথ প্রামাণিক দিনহাটায় পৌঁছলে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে তৃণমূল। শাসক দলের তরফে অভিযোগ করা হয়েছিল, নিশীথ প্রামাণিক ৪০টি গাড়ির কনভয় নিয়ে এলাকায় অশান্তি করতে এসেছেন। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কনভয়ে হামলার ঘটনায় উত্তাল হয় রাজ্য-রাজনীতি। দিনহাটার ঘটনায় গেরুয়া শিবিরের অভিযোগের তিরে বাংলার শাসকদল। আর তৃণমূলের দাবি, ওটা দিনহাটার সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ।

কোচবিহারের সাহেবগঞ্জ থানার পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে। গেরুয়া শিবিরের তরফে পাল্টা দাবী করা হয় যে ইচ্ছাকৃতভাবে বিজেপি নেতাদের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ও সিবিআই তদন্তের দাবী তুলে কলকাতা হাইকোর্টে মামলা করে বিজেপি।

আজ, মঙ্গলবার সেই মামলারই শুনানি ছিল। এদিন শুনানিতে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ জানায়জে নিশীথের গাড়িতে এই হামলার নেপথ্যে কোনও বৃহত্তর ষড়যন্ত্র থাকতে পারে। সেই কারণে এই মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হল সিবিআইকে।

এর আগে শুনানিতে আদালত রাজ্যের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে। ওই ঘটনার দিন পুলিশ সুপার ও জেলাশাসকের ভূমিকা কেমন ছিল, তা জানার জন্য সিবিআই তদন্তের আর্জি জানানো হয়। শুনানি শেষে রাজ্যকে রিপোর্ট পেশ করার নির্দেশ দেয় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। রাজ্যের তরফে পেশ করা হয় রিপোর্ট। এবার বিজেপির দাবীকেই মান্যতা দিল হাইকোর্ট। এই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হল আদালতের তরফে।  

RELATED Articles