সামনেই পঞ্চায়েত নির্বাচন (Panchayet Election)। এর আগে একে অপরকে শানাতে একেবারেই কসুর করছে না কোনও রাজনৈতিক দলই। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বিরোধীকে আক্রমণ করার ঝাঁঝ আরও বাড়িয়েছেন। এবার সিঙ্গুরের সভা থেকে মোদী সরকারকে (Modi Government) নতুন স্লোগানে বিঁধে মমতা বলেন, “বাহবা নন্দলাল/১১৪৯ টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল”।
আজ, মঙ্গলবার সিঙ্গুরে সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সভা থেকে নানান ইস্যু নিয়ে কেন্দ্র সরকারকে তোপ দাগেন তিনি। সেসবের মধ্যে একটি ছিল রান্নার গ্যাসের দাম বৃদ্ধি। চলতি মাসের প্রথমেই ফের ৫০ টাকা দাম বেড়েছে গৃহস্থালির গ্যাস সিলিন্ডারের। এর জেরে আমজনতার নাভিশ্বাস ওঠার জোগাড়। আর পঞ্চায়েত নির্বাচনের আগে সেই ইস্যুকেই হাতিয়ার করে মাঠে নামতে চাইছে তৃণমূল।
এদিন সভায় রাজ্যকে কেন্দ্রের বঞ্চনার অভিযোগের পাশাপাশি সাধারণ মানুষের ক্ষোভ নিয়েও সরব হন মমতা। বলেন, “মা-বোনেরা শুনুন, ওদের বলবেন, বাহবা নন্দলাল/১১৪৯ টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল”। মুখ্যমন্ত্রী আরও বলেন, “আমরা বন্ধু সরকারকে বলতে চাই। বন্ধু মানে জানেন তো! শত্রু তো আর বলতে পারি না। খারাপ শোনায়। এটাই সৌজন্য”।
তবে এটাই প্রথমবার নয়। এর আগেও মমতার মুখে এই ‘নন্দলাল’ শব্দটি শোনা গিয়েছে। সেই সময় এই শব্দটি তিনি ব্যবহার করেছিলেন ডিএ আন্দোলনকারীদের উদ্দেশে। বিধানসভায় দাঁড়িয়ে কটাক্ষ শানিয়ে বলেছিলেন, “নন্দলালদের আর কত সময় লাগবে”? ওয়াকিবহাল মহলের মতে, এই ‘নন্দলাল’ শব্দটি কী তবে আক্রমণের অন্যতম হাতিয়ার বানিয়ে ফেললেন মমতা বন্দ্যোপাধ্যায়?





