আর জি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনায় প্রথম থেকেই আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন চিকিৎসকরা। এই ঘটনার তদন্ত করছে সিবিআই। প্রতিদিনই সিজিও কমপ্লেক্সে হাজিরা দিচ্ছেন সন্দীপ ঘোষ। এমন আবহে এবার তাঁর নিরাপত্তা সুনিশ্চিত করল কলকাতা হাইকোর্ট।
গত শুক্রবার নিরাপত্তা চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সন্দীপ ঘোষ। সেদিন তাঁর এই মামলা গ্রহণ করে আদালত। পুনরায় আবেদন জানানোর কথা বলা হয়েছিল। গত সোমবার ফের সন্দীপ ঘোষের আইনজীবী আদালতে আবেদন জানান নিরাপত্তা নিয়ে। সেই মামলার শুনানি ছিল আজ, বুধবার।
এদিন সন্দীপ ঘোষের আইনজীবী জানান, সন্দীপ ঘোষের বাড়ি বেলেঘাটায়। সেই বাড়িতেই স্ত্রী, শ্বশুর, শাশুড়িকে নিয়ে থাকেন তিনি। সেখানে হামলার আশঙ্কা করছেন তিনি। তাঁর শ্বশুর রামকৃষ্ণ দাস নিরাপত্তা চেয়ে হাইকোর্টে মামলা করেন। এদিনের মামলার শুনানিতে বিচারপতি প্রশ্ন করেন, “পুলিশ আপনাকে নিরাপত্তা দেয়নি? কী ধরনের হামলার আশঙ্কা করছেন? আপনার এলাকায় পুলিশ নেই”?
মামলাকারীর আইনজীবী বলেন, “প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ আমাকে পুলিশের কাছে আবেদন করতে বলেছেন। আমাকে প্রতিদিন সিবিআই অফিসে দৌঁড়তে হচ্ছে”। তিনি সওয়াল করেন, ১৪-১৫ আগস্ট আর জি করের ঘটনার পর থেকে বাড়ির সামনে কয়েক হাজার লোকের জমায়েত হয়।
রাজ্য সরকারের তরফে জানানো হয়, সন্দীপ ঘোষের বাড়ির সামনে পুলিশ পিকেট রয়েছে। বেলেঘাটা থানার পুলিশ নিয়মিত টহল দেয়। এরপর বিচারপতি নির্দেশ দেন যে সন্দীপ ঘোষ ও তাঁর পরিবারের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। হাইকোর্টের তরফে পুলিশকে নির্দেশ দেওয়া হয়, বেলাঘাটায় সন্দীপ ঘোষের বাড়িতে পুলিশি নিরাপত্তা থাকবে।





