রেস্তোরাঁর মালিককে মারধর কাণ্ডে এবার আরও বিপাকে সোহম, তৃণমূল বিধায়কের বিরুদ্ধে কড়া নির্দেশ হাইকোর্টের, গ্রেফতার নয় তো?

রেস্তোরাঁর মালিককে মারধর করার ঘটনায় এবার আরও বড় বিপদে পড়লেন তৃণমূল বিধায়ক তথা অভিনেতা সোহম চক্রবর্তী। এই ঘটনায় পুলিশের রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ, এই ঘটনায় তদন্ত চালিয়ে যাবে বিধাননগরের গোয়েন্দা বিভাগ।

গত সপ্তাহে নিউটাউনের একটি রেস্তোরাঁয় শুটিং করছিলেন সোহম চক্রবর্তী। সেই সময় গাড়ি পার্কিংকে কেন্দ্র করে রেস্তোরাঁর মালিকের সঙ্গে বচসা বাঁধে তাঁর। রেস্তোরাঁর মালিককে মাটিতে ফেলে মারধর করে তিনি। সোহম জানান, রেস্তোরাঁর মালিক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কটূক্তি করছিলেন বলে তিনি মাথার ঠিক রাখতে পারেন নি, গায়ে জাত তুলেছেন।

এই ঘটনায় পরে তিনি ক্ষমাও চান। কিন্তু রেস্তোরাঁর মালিক টেকনো সিটি থানায় অভিযোগ দায়ের করেন। কিন্তু তাঁর অভিযোগ, পুলিশ কোনও পদক্ষেপ নেয়নি। সেই কারণে গত বুধবার তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। মামলা করার অনুমতি চাইলে তাঁকে অনুমতি দেয় আদালত।

আজ, শুক্রবার এই মামলার শুনানি ছিল বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। এদিন বিচারপতি নির্দেশ দেন, এই ঘটনায় তদন্ত চালিয়ে যেতে হবে বিধাননগর গোয়েন্দা বিভাগকে। আগামী ৪ জুলাই তদন্তের অগ্রগতির রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মামলাকারীদের নিরাপত্তা দেওয়ার ও ঠিকঠাক তথ্যপ্রমাণ সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে আবার গতকাল, বৃহস্পতিবারই বারাসাত আদালতে গিয়ে আগাম জামিনের আবেদন জানান সোহম। সেই আবেদনে সাড়া দিয়েছে আদালত। এই ঘটনার বিরুদ্ধে মুখ খুলেছিলেন তৃণমূল সাংসদ দেব। তাঁর কথায়, সোহমের এমন করা উচিত হয়নি। তাঁর ক্ষমা চাওয়া উচিত বলে মন্তব্য করেছিলেন তিনি। তবে সোহমের পাশে আবার দাঁড়িয়েছিলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। তিনি আবার দেবকে কটাক্ষ করেন।   

RELATED Articles