হাইকোর্টে বড় ধাক্কা তৃণমূলের! শুভেন্দুর বিরুদ্ধে এখনই কোনও মামলা দায়ের করা যাবে না, রাজ্যকে সাফ জানাল আদালত

কিছুদিন আগেই কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা একটি নির্দেশ জারি করে জানিয়েছিলেন যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনও মামলা দায়ের করতে গেলে আদালতের অনুমতি নিতে হবে। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গেলেও শীর্ষ আদালত আবার উচ্চ আদালতেই সেই আবেদন ফিরিয়ে দেয়।

এরপরই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চে শুভেন্দুর বিরুদ্ধে মামলা করতে চেয়ে আবেদন জানায় রাজ্য সরকার। বিচারপতি জয় সেনগুপ্তের একক বেঞ্চে সেই মামলা ওঠে। কিন্তু এখানেও ধাক্কা খেতে হল শাসক শিবিরকে।

আসানসোলের পদপিষ্ট ঘটনায় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মামলা দায়ের করার আবেদন জানায় রাজ্য সরকার। রাজ্যের তরফের আইনজীবীর দাবী, এই ঘটনা একটি অপরাধমূলক অভিযোগ। তাই মামলা দায়ের করা জরুরি। তবে বিচারপতি জয় সেনগুপ্ত এদিন জানান যে শুভেন্দুর বিরুদ্ধে মামলা করতে চাইলে যথাযথ বেঞ্চে আবেদন করতে হবে রাজ্যকে। এই কম্বল বণ্টনে মৃত্যুর ঘটনায় প্রাথমিক তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারপতি।

রাজ্যের আইনজীবীর কথা শুনে বিচারপতি জয় সেনগুপ্ত প্রশ্ন করেন, “রাজ্য কি কোনও প্রাথমিক তদন্ত করছে? ময়নাতদন্ত শেষ হয়েছে? এফআইআর করার আগেও এগুলি হওয়া প্রয়োজন। এই সংক্রান্ত আর একটি মামলা প্রধান বিচারপতির এজলাসে বিচারাধীন। সেক্ষেত্রে এই বেঞ্চ কী করবে? আপনারা কি ডিভিশন বেঞ্চে গিয়েছিলেন চ্যালেঞ্জ করে”?

এদিন এজলাসে শুভেন্দু অধিকারীর আইনজীবী রাজদীপ মজুমদার জানান যে রাজ্য সরাসরি সুপ্রিম কোর্টে গিয়েছিল। কিন্তু রাজ্যের তরফে আইনজীবী এই বিষয়ে কোনও স্পষ্ট উত্তর দিতে পারেননি।

বলে রাখি, গত বুধবার আসানসোলে এক কর্মসূচিতে যোগ দেন শুভেন্দু অধিকারী। সেদিন কয়েকটি প্রতীকী কম্বল বিতরণের পর অন্য একটি সভায় চলে যান শুভেন্দু। তিনি চলে যাওয়ার পর বাকি কম্বল বিতরণের সময় চরম বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। ভিড় নিয়ন্ত্রণ করার জন্য পর্যাপ্ত ব্যবস্থা ছিল না।

এরই মধ্যে হুড়োহুড়ি হওয়ার জেরে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় তিনজনের। এই ঘটনায় শুভেন্দু অধিকারীর দিকে আঙুল তোলে শাসক দল। শুরু হয় রাজনৈতিক চাপানউতোর। এই বিষয় নিয়েই হাইকোর্টের দ্বারস্থ হয় তৃণমূল। কিন্তু আদালত জানিয়ে দিল যে শুভেন্দুর বিরুদ্ধে নতুন মামলা করতে যথাযথ বেঞ্চে যেতে হবে।

RELATED Articles