সামনেই পঞ্চায়েত নির্বাচন। এই নির্বাচন নিয়ে বেশ কিছু রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট। সেই রায়েরই কিছু অংশ পুনর্বিবেচনা করে দেখার আর্জি জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ রায় দিয়েছিল যে রাজ্যের যে জেলাগুলিকে নির্বাচন কমিশন স্পর্শকাতর বলে চিহ্নিত করেছে, সেই জেলায় অবিলম্বে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে।
আদালতের এই রায় নিয়েই আপত্তি রয়েছে নির্বাচন কমিশনের। আদালতের এই নির্দেশ মান্য করেনি তারা। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, রাজ্যের কোন জেলাগুলি স্পর্শকাতর, তা এখনও মূল্যায়ন করে নি তারা। আর তা শুনেই নির্বাচন কমিশনকে ভর্ৎসনা করেন হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম। বলেন, “তাহলে কি গোটা রাজ্যকে স্পর্শকাতর বলে ঘোষণা করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ দেব? সেটা ভালো হবে”?
মনোনয়ন পেশকে ঘিরে রাজ্যের একাধিক জায়গায় তুমুল অশান্তির ছবি দেখা গিয়েছে। এদিন সেই উল্লেখও করেন প্রধান বিচারপতি। বলেন, “আমরা দেখেছি গতকালও কোথাও কোথাও অশান্তি হয়েছে। লাঠিচার্জ হয়েছে। এটা ঠিক না। কমিশনের ওপর মানুষ আস্থা হারাবে। আমরা নির্দেশটা ফেলে রাখার জন্য দিইনি। বাস্তবায়নের জন্য দিয়েছি”।
প্রধান বিচারপতি কথায়, হাইকোর্টের রায় যদি কমিশনের পছন্দ না হয়, তাহলে তারা উচ্চ আদালতে যেতে পারে। বিচারপতি এও জানান, সময় পেরিয়ে যাচ্ছে, আদালতের নির্দেশ যদি এভাবে উপেক্ষা করা হয়, আথলে আদালত স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করবে। আদালতের রায়ের ওই অংশের পুনর্বিবেচনা হবে কী না, সেই শুনানি হবে আজ, বৃহস্পতিবার।
বলে রাখি, পঞ্চায়েত নির্বাচন নিয়ে বিরোধীদের করা মামলায় হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, রাজ্য নির্বাচন কমিশন যে জেলাগুলিকে স্পর্শতাকর বলে চিহ্নিত করেছে, সেখানে অবিলম্বে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে। বাকি জেলার ক্ষেত্রে কমিশনকেই সিদ্ধান্ত নেওয়ার ছাড় দিয়েছিল আদালত। কিন্তু কমিশনের কথায়, তারা এখনও স্পর্শকাতর জেলাকে চিহ্নিতই করে নি। এর জেরেই অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি টি এস শিবজ্ঞানম।





