এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে বেশ কোমর বেঁধে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি। এর আগে ইডির হাতে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়। এবার এই এসএসসি দুর্নীতিতে এসএসসির প্রাক্তন উপদেষ্টা কমিটির আহ্বায়ক শান্তিপ্রসাদ সিনহা ও এসএসসির প্রাক্তন সচিব অশোক সাহাকে গ্রেফতার করল সিবিআই।
আজ, বুধবার সকালেই শান্তিপ্রসাদ সিনহা ও অশোক সাহার বাড়িতে হানা দেয় সিবিআই আধিকারিকরা। সেখানেই উপদেষ্টা কমিটির দুই সদস্যকে দফায় দফায় জেরা করা হয়। অভিযোগ, জেরায় নানান তথ্য গোপন করেন এই দিও এসএসসি প্রাক্তন কর্তা। এরপরই তাদের গ্রেফতার করে সিবিআই।
সূত্রের খবর অনুযায়ী, সিবিআইয়ের এফআইআর নম্বরের প্রথমেই নাম রয়েছে শান্তিপ্রসাদ সিনহা ও চার নম্বরে নাম রয়েছে অশোক সাহার। সিবিআইয়ের মতে, এই দুই এসএসসির প্রাক্তন কর্তাকে জিজ্ঞাসাবাদ করলে আরও নানান তথ্য মিলবে এই দুর্নীতির বিষয়ে।
রঞ্জিতকুমার বাগের নেতৃত্বে যে বাগ কমিটি প্রস্তুত করা হয়েছিল, সেই রিপোর্টে নাম ছিল শান্তিপ্রসাদ সিনহা ও অশোক সাহার। সেই সময় মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে নিয়োগ করা হয়েছিল বলে অভিযোগ। আর পিছনে হাত ছিল উপদেষ্টা কমিটির সদস্য শান্তিপ্রসাদ সিনহা ও অশোক সাহার।
উল্লেখ্য, প্রাক্তন উপদেষ্টা কমিটির দিকে ৯৮ জনের নিয়োগ দুর্নীতির অভিযোগ উঠেছে। কমিটির প্রধান শান্তিপ্রসাদ সিনহা-সহ ৫ জনকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এক নির্দেশে তিনি জানিয়েছিলেন, “সিবিআই যদি মনে করে, তাহলে শান্তিপ্রসাদ সিনহাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করুক তদন্তকারীরা”।
এরপর শান্তিপ্রসাদ সিনহা ও অশোক সাহাকে বারবার তদন্তের স্বার্থে জেরার জন্য ডাকা হয়েছে আদালতের তরফে। তাদের বিরুদ্ধে তদন্তে অসহযোগিতা করার অভিযোগও ওঠে। শান্তিপ্রসাদ সিনহার সম্পত্তিও খতিয়ে দেখতে চেয়েছিল আদালত। এবার তাদের গ্রেফতার করল সিবিআই।





