পুলিশ নাগরিকদের রক্ষা করে। তবে সেই রক্ষক এখানে ভক্ষকের রূপ ধারণ করেছে। এক গর্ভবতী মহিলাকে মারধরের অভিযোগ উঠেছে পুলিশকর্মীর বিরুদ্ধে। এমনকি অন্তঃসত্বার মুখে লাথিও মারেন ওই পুলিশকর্মী। ধৃত অভিযুক্ত পুলিশকর্মী।
ঘটনাটি ঘটেছে, পাকিস্তানের গুলিস্তান-ই-জহর এলাকায়। সেখানকার সংবাদমাধ্যম সূত্রে খবর, একটি বহুতল বাড়ির সামনে গর্ভবতী মহিলাকে চড় মারেন এক কর্তব্যরত পুলিশ। চড় খেয়ে মাটিতে পড়ে যেতেই, পুলিশকর্মী তাঁর মুখে লাথিও মারেন। এই পুরো ঘটনার সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
জানা গেছে, ওই মহিলা নরম্যান গ্র্যান্ড সিটির একটি বাড়িতে পরিচারিকার কাজ করেন। সেখানে তাঁর ছেলেকে খাবার দিয়ে যেতে বলেছিলেন তিনি। কিন্তু কর্তব্যরত পুলিশকর্মীরা ছেলেকে প্রবেশ করতে বাঁধা দেন। তারপর মহিলা বাড়ির বাইরে বেরিয়ে আসেন।
ওই গর্ভবতী মহিলা জানিয়েছেন, ‘নিচে নেমে আসতে আদিল নামে পুলিশকর্মী আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। অপর পুলিশকর্মীকে আমাকে মারার জন্য বলা হয়। আমি পাঁচ মাসের গর্ভবতী। তাঁর হাতে মার খেয়ে আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম।’
ঘটনার সিসিটিভি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই ওই পুলিশকর্মীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন নেটিজেনরা। মহিলার অভিযোগের ভিত্তিতে পুলিশকর্মীকে জেল হেফাজতে নেওয়া হয়েছে।





