গত বছর বালির তৃণমূল নেতা তপন দত্ত হত্যাকাণ্ডে নতুন করে এফআইআর দায়ের করেছিল সিবিআই। কলকাতা হাইকোর্টের তরফে এই মামলার তদন্ত তুলে দেওয়া হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতেই। সেই নির্দেশ মেনেই নতুন একটি এফআইআর দায়ের করেছিল সিবিআই। এবার সেই তপন দত্তের বাড়িতে হাজির কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।
প্রসঙ্গত, ২০১১ সালের মে মাসে খুন হন বালির তৃণমূল নেতা তপন দত্ত। তিনি এলাকায় সক্রিয় পরিবেশকর্মী হিসেবে পরিচিত ছিলেন। বালিতে বেআইনিভাবে জলাভূমি ভরাট করার অভিযোগ তুলে তার বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছিলেন তপন দত্ত। আর সেই আন্দোলন করতে গিয়েই তাঁকে মৃত্যুমুখে পড়তে হয়। এ নিয়ে মামলা শুরু হয়। প্রথমে রাজ্য পুলিশের সিআইডি এই হত্যাকাণ্ডের তদন্ত করছিল।
তদন্তের পর সিআইডি জানিয়েছিল যে জলাভূমি ভরাটের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন বলেই তপনবাবুকে খুন হতে হয়েছে। ২০১১ সালের ৩০শে আগস্ট এই মামলার প্রথম চার্জশিট পেশ করে সিআইডি। সেই চার্জশিটে নাম ছিল রাজ্যের মন্ত্রী অরূপ রায়-সহ আরও নানান তৃণমূল নেতার। এরপর সিবিআই তদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট।
এরপর সিবিআই একটি নতুন এফআইআর দায়ের করে। এরপর আজ, শনিবার তপন দত্তের বাড়ি সিবিআই আধিকারিকরা গিয়েছেন বলে খবর। তপন দত্তের স্ত্রী প্রতিমাদেবী জানিয়েছিলেন যে সিবিআই তদন্ত করলেই তাঁর স্বামীর খুনিরা ধরা পড়বে। এদিন এই হত্যাকাণ্ডের সম্পর্কে তথ্য পেতেই তপন দত্তের বাড়ি গিয়েছে সিবিআই, এমনটাই জানা গিয়েছে।
এর আগে এই হত্যাকাণ্ডে সিআইডি-র চার্জশিটে রাজ্যের মন্ত্রী অরূপ রায়ের নাম উঠে এসেছিল। এবার সিবিআই তদন্তেও অরূপ রায়ের নাম জড়াতে পারে বলেই মনে করা হচ্ছে। সেক্ষেত্রে অরূপ রায় ছাড়া আর কোন কোন তৃণমূল নেতার নাম এই হত্যাকাণ্ডে জড়ায়, এখন সেটাই। এর জেরে যে শাসক দল ফের নতুন করে বিড়ম্বনায় পড়তে চলেছে, তা বলাই বাহুল্য।





