এর আগে তিনি বলেছিলেন যে সমালোচকদের (critics) পিঠের চামড়া গুটিয়ে পায়ের জুতো তৈরি করবেন। এবার ফের একবার সমালোচকদের উদ্দেশে হুমকি শানালেন ত্রিনমু সাংসদ সৌগত রায় (Saugata Roy)। তৃণমূলের এই বর্ষীয়ান সাংসদের যেন নিত্যনতুন হুমকি শানানো এখন রুটিনে পরিণত হয়েছে। এবার সমালোচকদের এলাকা ছাড়ার হুমকি দিলেন তিনি।
আজ, শনিবার উত্তর ২৪ পরগনার একটি দলীয় কর্মসূচিতে সৌগত রায় বলেন, “সিপিএম, বিজেপি যদি আমাদের চোর বলে উত্যক্ত করে, তাহলে কিন্তু তৃণমূল কর্মীরা চুপ করে বসে থাকবে না, আমরা রুখে দাঁড়ালে ওদের এলাকা ছাড়া হতে হবে”।
এই বিষয়ে সিপিএম-এর কৌস্তভ চট্টোপাধ্যায় বলেন, “আমি আশুতোষ কলেজের ছাত্র ছিলাম। ওই কলেজে এক সময় পদার্থবিদ্যার অধ্যাপক ছিলেন সৌগতবাবু। কিন্তু এখন তিনি অপদার্থবিদ্যার জ্যাঠামশাই হয়ে উঠেছেন”।
পার্থ চট্টোপাধ্যায় ও অনুব্রত মণ্ডলের গ্রেফতারির পর শাসক দল এখন কার্যত কোণঠাসা। সিপিএম-বিজেপি সকলেই ‘চোর ধরো জেলে ভরো’ স্লোগান দিচ্ছে। এমনও বলছে, ‘ওয়ান টু থ্রি ফোর, তৃণমূলের সবাই চোর’। আবার অনেকে সৌগত রায়ের এহেন মন্তব্যের বিশ্লেষণ করে বলেছেন যে তিনি আসল বলতে চেয়েছেন যে যারা দুর্নীতিগ্রস্ত তাদের কিছু বললে কিছু এসে যায় না। কিন্তু সকলকে যদি চোর বলা হয়, তাহলে তো প্রতিবাদ উঠবেই।
সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেছেন, “তৃণমূলের সবাই চোর একথা বলা ঠিক নয়। তৃণমূলে অনেক সৎ মানুষও রয়েছেন। তাঁদের উচিত গলা তোলা”। এর পাশাপাশি তিনি কটাক্ষ করে বলেন, “তৃণমূলের সবাই চোর একথা যেমন ঠিক নয় তেমন এও ঠিক যে বাংলার সব চোর-জোচ্চর তৃণমূলের ছাতার তলায় রয়েছে”।
এই বিষয়ে বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, “সৌগতবাবুর কথাতেই স্পষ্ট, যত দুর্নীতি বেআব্রু হচ্ছে তত তৃণমূল সন্ত্রাসের দাঁত-নখ বের করছে। কিন্তু এভাবে দলটাই টিকিয়ে রাখতে পারবেন না”।





