অযোগ্য হয়েও সন্দীপের অঙ্গুলিহেলনে হাউস স্টাফ হন, আর জি করের থ্রেট কালচার ও দুর্নীতির মূল হোতা আশিস পাণ্ডেই, আদালতে জানাল সিবিআই

আর জি করের আর্থিক দুর্নীতি ও থ্রেট কালচার চালানোর অভিযোগে সিবিআইয়ের হাতে গ্রেফতার সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ আশিস পাণ্ডে। আজ, শুক্রবার আদালতে পেশ করা হয় আশিসকে। তদন্তে বিভ্রান্তি ও দুর্নীতির অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। এদিন আদালতে আশিস পাণ্ডের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলে সিবিআই।

আদালতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবী, আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সরাসরি ঘুষের টাকা নিতেন না। সেই কাজ করতেন তাঁর সহকারী এই আশিস পাণ্ডে। আশিস অযোগ্য হওয়া সত্ত্বেও শুধুমাত্র সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ হওয়ায় আর জি করে হাউস স্টাফ হিসেবে নিযুক্ত হয়েছিলেন।

এদিন আদালতে সিবিআই জানায়, এই আশিস পাণ্ডের এতটাই প্রভাব ছিল যে তিনি সিনিয়র চিকিৎসকদেরও ভয় দেখাতেন। উত্তরবঙ্গে বদলি করে দেওয়ার হুমকি দিতেন। যারা আর জি করে থ্রেট কালচার ও দুর্নীতির মূলে ছিল, তাদের মূল হোতা এই আশিস পাণ্ডে। কাকে বদলি করা হবে, কাকে রাখা হবে, সবটাই দেখতেন এই সন্দীপ ঘনিষ্ঠ টিএমসিপি চিকিৎসক নেতা।

এদিন আদালতে সিবিআই জানায়, আশিসের ফোন বাজেয়াপ্ত করে নানান তথ্য মিলেছে তাঁর বিরুদ্ধে। আর জি করের টেন্ডার থেকে শুরু করে ছাত্র ভর্তি সবটাতেই নাকি আশিসের খুবই প্রভাব ছিল বলে দাবী সিবিআইয়ের। এদিন ধৃতকে আদালতে তোলা হলে তাকে ৩ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেওয়া হয়।

প্রসঙ্গত, আর জি করের সেমিনার রুমের যে ভিডিও ভাইরাল হয়েছিল, তাতে ভিড়ের মধ্যে দেখা গিয়েছিল এই আশিস পাণ্ডেকেও। সেই থেকেই সিবিআইয়ের স্ক্যানারে আশিস। তদন্তে নেমে জানা যায়, ঘটনার দিন অর্থাৎ ৯ আগস্ট এই আশিস পাণ্ডে সল্টলেকে একটি হোটেলে রুম বুক করেছিলেন। পরের দিন আবার হোটেল ছেড়ে দেন। কেন হোটেলে থেকেছিলেন তিনি, কখন হোটেলে ঢুকেছিলেন, কখন বেরিয়েছিলেন, সেই সিসিটিভি ফুটেজ হোটেলের কর্মীর থেকে চেয়ে তাঁকে তলব করে সিবিআই।  

আরও পড়ুনঃ ‘আমার মেয়েকে হুমকি, মানসিক নির্যাতন…’, গ্রেফতার হওয়া সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ টিএমসিপি নেতা আশিস পাণ্ডেকে নিয়ে বিস্ফোরক শান্তনু সেন

আশিসকে বেশ কয়েকবার জেরাও করেছে সিবিআই। তাঁর বয়ানে নানান অসঙ্গতি ধরা পড়েছে। সেই ঘটনায় নানান তথ্যের ভিত্তিতেই গতকাল, বৃহস্পতিবার গ্রেফতার করা হয় আশিস পাণ্ডেকে।

RELATED Articles