মুক্তি হল না কেষ্টর, অনুব্রতর ফাইল দেখে থ’ বনে গেলেন বিচারক, বললেন, ‘২০ বছরের চাকরিজীবনে এমন দেখিনি’

এবারও ছাড়া পেলেন না বীরভূমের ‘বেতাজ বাদশা’। ফের তাঁকে ১৪ দিনের জেল হেফাজত দিল আসানসোল সিবিআই আদালত। আগামী ২২শে ডিসেম্বর পর্যন্ত মেয়াদ বাড়ল অনুব্রত মণ্ডলের জেল হেফাজতের। গত ১১ই আগস্ট তাঁকে গরু পাচার কাণ্ডে গ্রেফতার করেছিল সিবিআই।

এদিন অনুব্রতর আইনজীবী তাঁর জামিনের আবেদন জানান নি। তবে এদিন দু’টি আবেদন জানানো হয়। অনুব্রত আবেদন জানান যে তাঁর ভোলে ব্যোম চালকলের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে, তা যাতে চালু করা হয়।

অন্যদিকে, অনুব্রতর আইনজীবী আবেদন জানান যে অনুব্রতর যে দু’টি ফোন ফরেন্সিক পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছিল, তা যাতে ফেরত দেওয়া হয়। এই ফোনের বিষয়ে তদন্তকারীরা জানান যে ওই ফোনদুটি তদন্তকারী সংস্থার কাছেই রয়েছে। পরীক্ষাও হয়ে গিয়েছে। তবে তদন্তের স্বার্থে তা এখনই ফেরত দেওয়া যাবে না বলে জানানো হয়।

এদিন এই মামলায় সিবিআই যে ফাইল আদালতে পেশ করেছে, তা দেখে কার্যত থ’ বনে যান সিবিআই আদালতের বিচারক। সেই ফাইলটি উল্টে পাল্টে দেখার সময়, কপালে ভাঁজ পড়ে তাঁর। চশমা পরে নেন তিনি।

পরে সিবিআইয়ের তদন্তকারী অফিসার (আইও)-কে ডেকে তিনি বলেন, “আমার ২০ বছরের সার্ভিস লাইফে আমি এমন দেখিনি, শোনা তো দূরের কথা’। সিবিআই কী এমন তথ্য পেশ করল, যাতে এমন অবাক হলেন বিচারক, সেটা অবশ্য স্পষ্ট নয়”।

এদিন আদালত কক্ষে প্রবেশ করার সময় দেখা যায় যে শারীরিক অবস্থার বেশ অবনতি হয়েছে অনুব্রতর। শরীর অনেকটা ভেঙেছে। ওজন বেশ খানিকটা কমেছে কেষ্টর। এদিন প্রতিবারের মতোই আদালত চত্বরে ভিড় ছিল অনুব্রতর অনুগামীদের। তবে এদিন তেমন কিছু বলেন নি তৃণমূল নেতা।

RELATED Articles