পার্থ-বালুর সঙ্গে এবার প্রেসিডেন্সি জেলে সন্দীপ ঘোষ, সন্দীপকে নিজেদের হেফাজতে চাইলই না সিবিআই, কী কারণ?

আর জি কর কাণ্ড নিয়ে এই মুহূর্তে রাজ্য সরগরম। এই ঘটনায় প্রথম থেকেই আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। এরই মধ্যে আর জি করের আর্থিক দুর্নীতি মামলায় সন্দীপকে গ্রেফতার করেছিল সিবিআই। কিন্তু এবার তাঁকে আর নিজেদের হেফাজতে চাইল না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিন্তু কেন?

আজ, মঙ্গলবার শেষ হয়েছে সন্দীপ ঘোষের সিবিআই হেফাজতের মেয়াদ। এদিন আলিপুর বিশেষ আদালতে ছিল শুনানি। এদিন সন্দীপ ঘোষকে নিজেদের হেফাজতে না রেখে জেল হেফাজতে পাঠানোর আবেদন জানায় সিবিআই। এদিন সিবিআই আইনজীবী জানান, সন্দীপের বিরুদ্ধে ডিজিটাল এভিডেন্স ক্লোনিং করার আবেদন জানানো হয়েছে। সেই রিপোর্ট যতদিন না আসছে ততদিন জেল হেফাজতে রাখা হোক সন্দীপ ঘোষকে।

এদিন ন্যায় সুরক্ষা সংহতি মেনে আদালতে সিবিআইয়ের আইনজীবী আবেদন করেন যে ডিজিটাল এভিডেন্সের রিপোর্ট এলেই ফের সন্দীপকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে। এদিন তিনি বলেন, “আমাদের কাছে বাকি ৭ দিন খুব গুরুত্বপূর্ণ। তাই সেই রিপোর্ট এলেই আবার হেফাজতের জন্য আবেদন করা হবে। কিন্তু এভাবে কী ভেঙে ভেঙে অর্থাৎ দিন বদলে বদলে হেফাজতে নেওয়া সম্ভব? ভারতীয় ন্যায় সুরক্ষা সংহিতার ১৮৭ ধারার ২ উপধারা অনুযায়ী তদন্তকারী সংস্থাকে এই সুবিধা দেওয়া হয়েছে। প্রয়োজন হলে ১৪ + ৬০ দিনের হিসাবে হেফাজতে নেওয়া যেতে পারে”।

এদিন শুনানিতে নানান বিস্ফোরক তথ্য দিয়েছেন সিবিআইয়ের আইনজীবী। তাঁর দাবী, কন্ট্রাক্টে গরমিলের বিষয়টি জেরাতে কিছুতেই স্পষ্ট করছেন না সন্দীপ ঘোষ। তিনি আরও জানান, “তদন্তে প্রচুর নথি মিলেছে। আমরা আরও কিছু লোকের যোগ পাচ্ছি যারা সন্দীপের সঙ্গে যুক্ত। মোবাইল, ল্যাপটপ, হার্ড ডিস্ক বাজেয়াপ্ত হয়েছে। সেগুলো খতিয়ে দেখা হচ্ছে। তাই আরও কিছু সময় প্রয়োজন। যেটা অভিযুক্তদের সঙ্গে লিঙ্ক করবে”।

আরও পড়ুনঃ ডেডলাইন বনাম ডেডলাইন! স্বাস্থ্যভবন অভিযান শুরু জুনিয়র চিকিৎসকদের, মিছিল আটকাতে গার্ডরেল দিল পুলিশ, পূরণ হবে চিকিৎসকদের দাবী?

এমন পরিস্থিতিতে তাই সন্দীপ ঘোষকে জেল হেফাজতে রাখার আবেদন জানানো হয়েছে সিবিআইয়ের তরফে। ডিজিটাল এভিডেন্স ও আরও নথি এলে ফের তাঁকে সিবিআইয়ের হেফাজিতে নেওয়ার আবেদন জানানো হবে। এদিন আবার সন্দীপের আইনজীবী আবেদন জানান যাতে জেল হেফাজত হলেও তার মেয়াদ কম হয়। এদিন দু’পক্ষের সওয়াল-জবাবের পর সন্দীপ ঘোষ-সহ ৪ জনকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। প্রেসিডেন্সি জেলেই পাঠানো হবে তাদের।

RELATED Articles