আজ, সোমবার চতুর্থী। পুজোর মধ্যেই আর জি করের তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনায় প্রথম চার্জশিট পেশ করল সিবিআই। ঘটনার ৫৫ দিনের মাথায় দেওয়া হল চার্জশিট। এই চার্জশিটে সিবিআই উল্লেখ করেছে, ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ই তরুণী চিকিৎসকের ধর্ষক ও খুনি।
আজ, সোমবার সিবিআইয়ের বিশেষ আদালতে আর জি কর মামলার প্রথম চার্জশিট পেশ করল সিবিআই। সূত্রের খবর, প্রায় ২১৩ পাতার চার্জশিট পেশ করা হয়েছে। এই চার্জশিটে ২০০ জন সাক্ষীর কথা উল্লেখ করা হয়েছে। সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে এই চার্জশিটে দাবী করা হয়েছে যে তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনায় যুক্ত সঞ্জয় রায়ই।
মূল অভিযুক্ত হিসেবে চার্জশিটে রয়েছে সঞ্জয়ের নাম। এই চার্জশিটে আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের নামও উল্লেখ রয়েছে বলে খবর। তাতে লেখা, এই দুই ব্যক্তি আর জি করের ঘটনাকে লঘু করার চেষ্টা ও তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করেছেন।
বলে রাখি, গত ৯ আগস্ট আর জি করের সেমিনার রুম থেকে উদ্ধার হয় তরুণী চিকিৎসকের ক্ষতবিক্ষত দেহ। সেই ঘটনায় এখনও উত্তাল রাজ্য। দিকে দিকে চলছে প্রতিবাদ, আন্দোলন। দীর্ঘদিন কর্মবিরতি পালন করেছেন জুনিয়র চিকিৎসকরা। বর্তমানে আমরণ অনশন করছেন তারা।
এই ঘটনায় কলকাতা পুলিশ প্রথমে গ্রেফতার করেছিল সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে। তবে কলকাতা পুলিশের তদন্ত প্রক্রিয়া নিয়ে ওঠে একাধিক প্রশ্ন। পরবর্তীতে কলকাতা হাইকোর্টের নির্দেশে এই মামলার তদন্তভার যায় সিবিআইয়ের কাছে। সঞ্জয়কে তুলে দেওয়া হয় সিবিআইয়ের হাতে। আর জি করের ঘটনার তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগে সিবিআই গ্রেফতার করেছিল সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসিকে। এবার তদন্তভার হাতে নেওয়ার ৫৫ দিনের মাথায় আদালতে চার্জশিট পেশ করল সিবিআই।





