নিয়োগ দুর্নীতি মামলায় এবার সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’র বাড়িতে হানা দিল সিবিআই। এর পাশাপাশি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা তল্লাশি চালাচ্ছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়-ঘনিষ্ঠ বেহালার ১২৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পার্থ সরকার ওরফে ভজা’র বাড়িতেও।
এই দু’জনের বাড়িতেই নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলার জেরে সিবিআই তল্লাশি চলছে বলে খবর। শুধু এরা দুজনই নয়, বেহালার বাসিন্দা সন্তু গঙ্গোপাধ্যায়ের বাড়িতেও এদিন সিবিআই অভিযান চলছে বলে খবর।
আজ, বৃহস্পতিবার নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে শহরের চার জায়গায় একযোগে সিবিআই আধিকারিকরা তল্লাশি চালাচ্ছেন বলে জানা গিয়েছে। ‘কালীঘাটের কাকু’, কাউন্সিলর ভজা ও বেহালা ব্যবসায়ী বাসিন্দা সন্তু ছাড়াও পার্থ চট্টোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত সহায়ক সুকান্ত ভট্টাচার্যের বাড়িতেও হানা দিয়েছে সিবিআই, এমনটাই সূত্রের খবর।
‘কালীঘাটের কাকু’ ওরফে সুজয়কৃষ্ণের কথা প্রথম প্রকাশ্যে আনেন নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত তাপস মণ্ডল। সুজয়কৃষ্ণকে আগেও সিবিআই জিজ্ঞাসাবাদের জন্য নিজাম প্যালেসে তলব করেছিল। পরে তাঁর এবং তাঁর পরিবারের সদস্যদের ব্যাঙ্কের নথিও চেয়ে পাঠানো হয়েছিল। সেই সব নথি তিনি সিবিআইকে জমা দিয়েছেন বলেও দাবী করেছিলেন সুজয়কৃষ্ণ ভদ্র।
নিয়োগ দুর্নীতিতে ধৃত শান্তনু বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও সুজয়কৃষ্ণের লেনদেন হয়েছিল বলে তথ্য পায় ইডি। সুজয়কৃষ্ণ নিজেও সেই লেনদেনের কথা স্বীকার করেছিলেন। তিনি জানিয়েছিলেন শান্তনুর স্ত্রীর সংস্থাতে টাকা বিনিয়োগ করেছিলেন তিনি। তাঁর কথায়, ব্যবা করার জন্য ৪০ লক্ষ টাকা মূল্যের একটি জমি কিনেছিলেন তিনি শান্তনুর থেকে। সেই টাকাই দিয়েছিলেন চেকের মাধ্যমে।





