আলিপুরদুয়ার সমবায় গোষ্ঠীতে ৫০ কোটির আর্থিক দুর্নীতির অভিযোগ, শনিবার সাতসকালেই একাধিক জায়গায় হানা সিবিআইয়ের

আলিপুরদুয়ার সমবায় গোষ্ঠীতে আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছে। সেই দুর্নীতির তদন্ত করতেই আলিপুরদুয়ারের একাধিক জায়গায় এবার তল্লাশি অভিযান শুরু করল সিবিআই। আজ, শনিবার সকালেই সমবায় সমিতির ম্যানেজার তৃপ্তিকণা চৌধুরী এবং সহ হিসাবরক্ষক শম্পা চৌধুরীর বাড়িতে শুরু হয় জোর তল্লাশি। তল্লাশি চলছে সমবায় কর্মী পঙ্কজ গুহ আচার্য এবং তাঁর ভাই পান্না গুহ আচার্যের বাড়িতেও। অভিযোগকারী অলোক রায় সিবিআইয়ের এই তল্লাশিতে বেশ খুশি।  

আলিপুরদুয়ার সমবায় গোষ্ঠীতে প্রায় ৫০ কোটি টাকার আর্থিক দুর্নীতির অভিযোগ ওঠে। কলকাতা হাইকোর্টে ওঠে এই মামলা। গত ২৪ আগস্ট বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন যে সিবিআই ও ইডি একযোগে এই মামলার তদন্ত করবে। কিন্তু অভিযোগ, হাইকোর্টের এই নির্দেশের পরও সিবিআই তদন্তের নির্দেশ কার্যকর হয়নি।

জানা যায়, সিবিআইকে মামলার কোনও নথি হস্তান্তর করেনি সিআইডি। এমনকি, হাইকোর্টকে আগের নির্দেশ পুনর্বিবেচনা করে দেখার আবেদনও জানানো হয়। এর জেরে বেশ ক্ষুব্ধ হন। সেই সময় শুনানি শেষে রাজ্য সরকারকে জরিমানাও করেন বিচারপতি। পরে বিচারপতি গঙ্গোপাধ্যায় সাফ জানিয়ে দেন ইডি ও সিবিআই একযোগেই এই মামলার তদন্ত করবে।

কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্য দ্বারস্থ হয় ডিভিশন বেঞ্চে। তবে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায়ই বহাল রাখে বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ও বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ। সেই নির্দেশ অনুযায়ীই আলিপুরদুয়ার সমবায় সমিতির আর্থিক দুর্নীতির মামলায় একযোগে তদন্ত শুরু করে ইডি ও সিবিআই। সেই মতোই আজ তল্লাশি অভিযান শুরু করেছে সিবিআই।

RELATED Articles