নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই স্ক্যানারে আরও এক তৃণমূল নেতা, বড়ঞার বিধায়কের বাড়িতে হানা কেন্দ্রীয় তদন্তকারীদের

শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি (recruitnet scam) নিয়ে বেশ তৎপর হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি। এবার মুর্শিদাবাদের বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার (Jiban Krishna Saha) বাড়িতে অভিযান সিবিআইয়ের (CBI)। আজ, শুক্রবার দুপুর সাড়ে ১২টা নাগাদ সিবিআইয়ের দুটি গাড়ি গিয়ে পৌঁছয় বিধায়কের বাড়ির সামনে। ছিল আধাসেনাও।

জানা গিয়েছে, বিধায়কের বাড়িতে ঢুকে তাঁর সঙ্গে কথাবার্তা বলেন সিবিআই আধিকারিকরা। চার আধিকারিক মিলে প্রশ্ন করছেন বিধায়ককে, এমনটাই জানা গিয়েছে। বাড়ির বাইরে দাঁড়িয়ে সিআরপিএফ জওয়ানরা। হঠাৎ জীবনকৃষ্ণ সাহাকে কেন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বা কেন তাঁর বাড়িতে এই অভিযান, এ নিয়ে নানান জল্পনা শুরু হয়েছে।

স্থানীয় সূত্রে খবর, শিক্ষা দুর্নীতি কাণ্ডে ধৃত কৌশিক ঘোষ নামে এক এজেন্টের সঙ্গে ঘনিষ্ঠতা রয়েছে বিধায়কের। কৌশিককে জিজ্ঞাসাবাদ করে বড়ঞার বিধায়কের নাম পেয়েছেন সিবিআই আধিকারিকরা, এমনটাই অনুমান করা হচ্ছে। কৌশিক হয়ত এমন কিছু তথ্য দিয়েছেন, যাতে সিবিআই আধিকারিকদের মনে হয়েছে যে তৃণমূল বিধায়ককে জিজ্ঞাসাবাদ করা উচিত। সেই কারণে তাঁর বাড়িতে চলছে তল্লাশি।

এদিন দুপুর সাড়ে ১২টা নাগাদ বড়ঞা থানার আমডি গ্রামের একটি স্কুলের সামনে সিবিআইয়ের দল গিয়ে পৌঁছয়। এই স্কুলের পাশেই বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়ি। জানা গিয়েছে, তাঁর রাজনৈতিক প্রচারে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ধৃত কৌশিকের বড়সড় ভূমিকা ছিল। নানান ফ্লেক্স, ব্যানারে তাঁর নাম থাকত বলে খবর।

শুধু তাই-ই নয়, বড়ঞার পাশের বিধানসভা অর্থাৎ লাভপুর, সাঁইথিয়ার বিধায়কদের সঙ্গেও এজেন্ট কৌশিকের ভালো যোগাযোগ ছিল। এর জেরে জীবনকৃষ্ণ সাহার পর বাকি বিধানসভার বিধায়কদেরও হয়ত জিজ্ঞাসাবাদ বা তাদের বাড়ি হানা দিতে পারে সিবিআই।

RELATED Articles