প্রাইমারি টেটে নিয়োগ দুর্নীতির জের, প্রাক্তন শিক্ষা পর্ষদ চেয়ারম্যান তথা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যের বাড়িতে হানা সিবিআইয়ের, চলছে তল্লাশি

প্রাইমারি টেটে নিয়োগ দুর্নীতির মামলার তদন্ত সিবিআইয়ের উপরেই দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে সিবিআই দফতরে হাজিরাও দিতে হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান মানিক ভট্টাচার্যকে। এবার ওই তৃণমূল বিধায়কের বাড়িতে হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

আজ, বৃহস্পতিবার সিবিআইয়ের দুটি দল প্রাইমারি টেট নিয়ে তদন্তে নেমেছে। একটি দল গিয়েছে পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান মানিক ভট্টাচার্যের বাড়ি। অন্য একটি দল পৌঁছেছে পর্ষদ সচিব রত্না চক্রবর্তীর বাড়ি।

মধ্যশিক্ষা পর্ষদের চেয়ারম্যান পদ থেকে মানিক ভট্টাচার্যকে অপসারণ করার নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তা করাও হয়েছে। বিচারপতির এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূল বিধায়ক। কিন্তু সেখানে তাঁর সেই আবেদন খারিজ হয়ে যায়।

এর জেরে আদালতে ভরা এজলাসে হাজিরা দিতে হয় মানিক ভট্টাচার্যকে। তাঁর সমস্ত সম্পত্তির হিসাব চায় আদালত। সম্পত্তির হিসাব হলফনামা আকারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এবার আজ তাঁর বাড়িতে তল্লাশি চালাতে গেল সিবিআই।

RELATED Articles